শুধু Aadhaar Card দিলে হবে না, PAN Card তৈরি করতে এই নথিগুলো লাগবেই…
PAN Card Update: নতুন প্যান কার্ড তৈরি করবেন? এবার থেকে আপনাকে নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন ফর্মে আবেদন করতে হবে। একইসঙ্গে আইডেনটিটি ভেরিফিকেশনের পদ্ধতিতেও বদল এসেছে।

নয়া দিল্লি: নতুন প্যান কার্ড তৈরি করবেন? কিংবা নিজের প্যান কার্ডে কোনও পরিবর্তন করবেন বলে ভাবছেন? তাহলে কিন্তু প্যান কার্ডের নিয়মে অনেক বদল এসেছে। এবার থেকে আপনাকে নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন ফর্মে আবেদন করতে হবে। একইসঙ্গে আইডেনটিটি ভেরিফিকেশনের পদ্ধতিতেও বদল এসেছে।
এবার থেকে প্যান কার্ডের আবেদন করার জন্য ফর্ম ৯৩ পূরণ করতে হবে। আগে ফর্ম ৪৯এ পূরণ করতে হত। অন্যদিকে, যারা অনাবাসী, তাদের ফর্ম ৪৯এএ-র বদলে ফর্ম ৯৫ পূরণ করতে হবে।
প্যান কার্ডের আবেদন করার জন্য আগে শুধুমাত্র আধার কার্ডের প্রয়োজন পড়ত। এবার থেকে তা করলে আর চলবে না। আধার কার্ডের সঙ্গে অতিরিক্ত ডকুমেন্টও দিতে হবে। প্যান কার্ডের আবেদনের জন্য জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ম্যাজিস্ট্রেটের ইস্যু করা হলফনামা, সরকারের ইস্যু করা অন্য নথি জমা দিতে হবে।
নিয়মে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে প্যান কার্ডে নাম আধার কার্ডের রেকর্ডে যে নাম রয়েছে, তার মতোই হুবহু এক হতে হবে।
কীভাবে প্যান কার্ড আবেদন করবেন?
- প্রথমে প্যানের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল NSDL বা UTIITSL-এ যেতে হবে।
- এবার ফর্ম ৯৩ সিলেক্ট করুন।
- ব্যক্তিগত তথ্য, যেমন জন্মতারিখ, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে।
- এবার আধার নম্বর দিতে হবে অথেনটিকেশনের জন্য।
- এবার আধার ও জন্মতারিখের প্রমাণ আপলোড করতে হবে।
- এরপরে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
- অ্যাপ্লিকেশন সাবমিট করলে সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে।
