
নয়া দিল্লি: যুদ্ধের আঁচ বাড়ছে, তার সঙ্গে বাড়ছে জ্বালানি সঙ্কট। এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও, এতদিন পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। দাম বেড়েছিল শুধু প্রিমিয়াম জ্বালানির। এবার সাধারণ পেট্রোল-ডিজেলের দামও বেড়ে গেল। নায়ারা এনার্জি ঘোষণা করল, তারা পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করছে। প্রতি লিটারে ৫ টাকা করে দাম বৃদ্ধি করা হচ্ছে পেট্রোলের। ডিজেলের দাম বাড়ছে প্রতি লিটারে ৩ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
পিটিআই সূত্রে খবর, পশ্চিম এশিয়ায় সংঘাত আবহে যেহেতু ক্রুড তেলের দাম বাড়ছে, তাই এই সিদ্ধান্ত। আজ থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। অর্থাৎ গ্রাহকদের পেট্রোল ভরাতে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ভরাতে লিটার প্রতি ৩ টাকা অতিরিক্ত দিতে হবে। অনেক রাজ্যে এর উপরে ভ্যাট বসায়, সাড়ে ৫ টাকা দিতে হবে।
প্রসঙ্গত, নায়ারা এনার্জি দেশের সবথেকে বড় প্রাইভেট জ্বালানি বিক্রয়কারক সংস্থা। দেশজুড়ে মোট ৬৯৬৭টি পেট্রোল পাম্প পরিচালন করে এই সংস্থা।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলার পার করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য পরিচালিত ফার্মগুলিকে কমপেনসেশন বাফার দেয়। তবে প্রাইভেট রিটেলার সংস্থাগুলি এই বাফারের সুবিধা পায় না। আমদানি খরচ বৃদ্ধি পেতেই এবার এই প্রাইভেট সংস্থা জ্বালানির দাম বাড়িয়ে দিল।
এর আগে গত ২০ মার্চ হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) ও ইন্ডিয়ান অয়েলের (IOCL) মতো পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলি তাদের প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা ৯ পয়সা থেকে ২ টাকা ৩৫ পয়সা বাড়ায়। এক্সপি৯৫-র মতো জ্বালানির দাম ১১১ টাকা ৬৮ পয়সা থেকে বেরিয়ে ১১৩ টাকা ৭৭ পয়সায় বেড়ে দাঁড়ায়। তবে সাধারণ পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি।