AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paytm ওয়ালেটে রাখা টাকা কি তবে খোয়া গেল? বন্ধ কোন কোন পরিষেবা?

RBI ban on Paytm Payment Banks: চিন্তায় পড়ে গিয়েছেন লক্ষ লক্ষ পেটিএম গ্রাহক। শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবাই নিষিদ্ধ হবে, নাকি, পেটিএম অ্যাপ ব্যবহারকারীদের উপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে, প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। অনেকেই চিন্তিত, পেটিএম অ্যাপে রাখা টাকা কি তাহলে খোয়া গেল?

Paytm ওয়ালেটে রাখা টাকা কি তবে খোয়া গেল? বন্ধ কোন কোন পরিষেবা?
ফাইল ছবি
| Updated on: Feb 01, 2024 | 7:26 PM
Share

নয়া দিল্লি: বুধবার (৩১ জানুয়ারি) পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত পরিষেবা নিষিদ্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২৯ ফেব্রুয়ারির পর, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে অ্যাকাউন্ট বা ওয়ালেটে নতুন আমানত গ্রহণ করা বন্ধের নির্দেশ দিয়েছে আরবিআই। এর পরই, চিন্তায় পড়ে গিয়েছেন লক্ষ লক্ষ পেটিএম গ্রাহক। শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবাই নিষিদ্ধ হবে, নাকি, পেটিএম অ্যাপ ব্যবহারকারীদের উপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে, প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। অনেকেই চিন্তিত, পেটিএম অ্যাপে রাখা টাকা কি তাহলে খোয়া গেল? আসুন, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের নিষেধাজ্ঞা এবং এই নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর…

পেটিএম অ্যাপের মাধ্যমে কি পেমেন্ট করা যাবে?

পেটিএম ব্র্যান্ডের মালিক হল ওয়ান৯৭ কমিউনিকেশনস (One97 Communications)। এই সংস্থার দুটি পরিষেবা রয়েছে – একটি হল পেটিএম অ্যাপ, অন্যটি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। আরবিআই নিষেধাজ্ঞা আরোপ করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবাগুলির উপর। পেটিএম অ্যাপের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ, পেটিএম অ্যাপ ব্যবহারকারীরা আগের মতোই অ্যাপের যাবতীয় পরিষেবা ব্যবহার করতে পারবেন।

কেন নিষিদ্ধ করা হল পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক?

২০২২-এর ১১ মার্চই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে নিষিদ্ধ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই সময়ই, ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নতুন গ্রাহক গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে, তাদের সম্পূর্ণ আইটি সিস্টেম অডিট করতে বলেছিল আরবিআই। এই অডিটে বেশ কিছু ত্রুটি পাওয়া গিয়েছে। এরপরই আরবিআই, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

বন্ধ থাকবে কোন পরিষেবাগুলি?

আরবিআই-এর নিষেধাজ্ঞার পর, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড সুবিধা, ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদির মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

নষ্ট হবে কি অ্যাকাউন্ট ব্যালেন্স?

পেটিএম অ্যাপের ওয়ালেটে যারা টাকা রেখেছেন, আরবিইআই-এর নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না তাদের উপর। ইউপিআই (UPI) এবং আইএমপিএস (IMPS)-এর মতো পেমেন্ট পরিষেবাগুলিও আগের মতোই ব্যবহার করা যাবে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা তোলা বা ফান্ড ট্রান্সফার করা যাবে।

টাকা কি ঢুকবে না অ্যাকাউন্টে?

২০২৪-এর ১ মার্চ থেকে কোনও পেটিএম ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি প্রিপেইড সুবিধাগুলিতে আর টাকা জমা করা না গেলেও, পেটিএম অ্যাপ থেকে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করা যাবে। কিন্তু ১ মার্চের পর, সেই ওয়ালেট বা অ্যাকাউন্টে টাকা গ্রহণ করা যাবে না। তবে, ওই অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে। কোথাও ক্যাশব্যাক অফার থাকলে, সেই টাকাও ঢুকবে।

ফাস্টট্যাগ ব্যালেন্সের কি হবে?

টাকা ফুরিয়ে না যাওয়া অবধি, ফাস্টট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি ব্যবহার করা যাবে। কিন্তু, ১ মার্চের পর, এতে আর কোনও টাকা রাখা যাবে না।

পেটিএমের শেয়ারের দর পতন

আরবিআই-এর এই ঘোষণার পর থেকে, আতঙ্ক তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে। যার জেরে ক্ষতির মুখে পড়েছে পেটিএম। বর্তমানে সংস্থার শেয়ারের দাম ক্রমে পড়ছে। বাজার বিশেষজ্ঞদের অনুমান, পেটিএম-এর ৪৫০ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে। বৃহস্পতিবারই, পেটিএম-এর শেয়ারের দর ২০ শতাংশ পড়েছে।

কী বলছে পেটিএম?

বুধবারই, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বলেছিল, আরবিআই-এর নির্দেশাবলী মেনে চলার জন্য তারা অবিলম্বে পদক্ষেপ করছে। এদিন সংস্থা আরও বলেছে, লগ্মিকারীদের বিনিয়োগ সুরক্ষিত রয়েছে। পেমেন্টস ব্যাঙ্ককে আরবিআই-এর সাম্প্রতিক নির্দেশাবলীর প্রভাব পেটিএম মানির কর্মকাণ্ডে পড়বে না।

Follow Us