RBI New Rule: EMI না দিলেও আর লক হবে না আপনার ফোন, নতুন নিয়ম আনল RBI
RBI EMI New Rules in India: বছরের পর বছর ধরে রিকভারি এজেন্টদের হেনস্তা, আক্রমণাত্মক ঋণ আদায় এবং EMI বকেয়া থাকলে স্মার্টফোন থেকে লক করে দেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই নতুন নিয়ম এনেছে RBI। এর উদ্দেশ্য, একদিকে ব্যাঙ্কের ঋণ আদায়ের অধিকার বজায় রাখা এবং অন্যদিকে ঋণগ্রহীতার সম্মান, গোপনীয়তা ও ঠিকঠাক আচরণের অধিকার নিশ্চিত করা।

নয়া দিল্লি: EMI-তে স্মার্টফোন কেনা এখন খুবই সাধারণ বিষয়। কিন্তু, জানেন কি কখনও ইএমআই দিতে ভুলে গেলে আপনার ফোন ও ফোনের সব ফিচার বন্ধ হয়ে যাবে। এতদিন এই নিয়মই কার্যকর ছিল। তবে, এবার তা নিয়ন্ত্রণে কড়া নিয়ম আনল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত ছাড়া ব্যাঙ্ক বা ঋণদাতা সংস্থা আর ইচ্ছেমতো ফোন লক করতে পারবে না।
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?
RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণ আদায়ের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। আগামী বছর জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। একইসঙ্গে, ঋণ নিয়ে কেনা মোবাইল, ট্যাব বা ল্যাপটপে প্রযুক্তিনির্ভর বিধিনিষেধ আরোপের জন্য এটাই দেশের প্রথম বিস্তারিত নিয়ন্ত্রক কাঠামো।
কেন এই পদক্ষেপ?
বছরের পর বছর ধরে রিকভারি এজেন্টদের হেনস্তা, আক্রমণাত্মক ঋণ আদায় এবং EMI বকেয়া থাকলে স্মার্টফোন থেকে লক করে দেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই নতুন নিয়ম এনেছে RBI। এর উদ্দেশ্য, একদিকে ব্যাঙ্কের ঋণ আদায়ের অধিকার বজায় রাখা এবং অন্যদিকে ঋণগ্রহীতার সম্মান, গোপনীয়তা ও ঠিকঠাক আচরণের অধিকার নিশ্চিত করা।
ব্যাঙ্ক কি ফোন লক করতে পারবে?
লক করতে পারবে। তবে মানতে হবে কঠিন শর্ত। RBI জানিয়েছে, যদি ঋণ নির্দিষ্টভাবে ওই ডিভাইস কেনার জন্য নেওয়া হয়ে থাকে, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে ফোনের কিছু ফিচার সীমিত করা যাবে়।
ধাপে ধাপে বিধিনিষেধ
ঋণচুক্তি বা লোন এগ্রিমেন্টে (Loan Agreement) স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, কোন পরিস্থিতিতে ফোনে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। ঋণগ্রহীতাকে আগাম নোটিস দিতে হবে। EMI বকেয়া হওয়ার ৩০ দিনের আগে কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করা যাবে না।
কবে বন্ধ হতে পারে আউটগোয়িং কল?
সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করা যাবে শুধুমাত্র তখনই, যখন ঋণের কিস্তি ৬০ দিন ধরে বকেয়া থাকবে। তার আগে কোনওভাবেই আউটগোয়িং কল ব্লক করা যাবে না।
কোন পরিষেবা কখনও বন্ধ করা যাবে না?
RBI স্পষ্ট জানিয়েছে, ব্যাঙ্ক কখনওই বন্ধ করতে পারবে না ইনকামিং কল, এসএমএস পরিষেবা ও জরুরি SOS ফিচার। এছাড়া, ফোনের এমন কোনও ফিচার বন্ধ করা যাবে না, যা ব্যবহারকারীর চাকরি বা জীবিকার জন্য অত্যাবশ্যক।
টাকা শোধ করলে কত দ্রুত ফোন চালু হবে?
ঋণগ্রহীতা বকেয়া পরিশোধ করার পর এক ঘণ্টার মধ্যে সব পরিষেবা পুনরায় চালু হবে। যদি ব্যাঙ্কের কারণে পরিষেবা চালু করতে দেরি হয়, তাহলে প্রতি ঘণ্টার জন্য ২৫০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তবে মোট ক্ষতিপূরণ ঋণের পরিমাণের বেশি হতে পারবে না।
ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে
নতুন নিয়মে গোপনীয়তার উপরও জোর দেওয়া হয়েছে। ব্যাঙ্ক বা তৃতীয় পক্ষের প্রযুক্তি সংস্থা কোনওভাবেই ব্যবহারকারীর ছবি, মেসেজ, কল লগ ও লোকেশন হিস্ট্রি অ্যাক্সেস করা যাবে না।
