RBI-র খাঁড়া, এই ব্যাঙ্কে বন্ধ হয়ে গেল সমস্ত লেনদেন, মাথায় হাত গ্রাহকদের
New India Co-Operative Bank: ব্যাঙ্ক-কে নতুন কোনও ঋণ বা ডিপোজিট অফার করতেও বারণ করা হয়েছে। নতুন কোনও বিনিয়োগ বা ডিপোজিটও গ্রহণ করতে পারবে না। ব্যাঙ্ক থেকে কোনও পেমেন্টও করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার কারণে ব্যাঙ্ক নিজস্ব কোনও সম্পত্তিও বিক্রি করতে পারবে না।

নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিষেধাজ্ঞা। নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করল আরবিআই। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে লেনদেন। চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তারা নিজেদের জমা রাখা টাকা তুলতে পারছেন না। ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের লম্বা লাইন। তারা চিন্তায় রয়েছেন যে বিনিয়োগ করা অর্থের কী হবে।
মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। জানা গিয়েছে, আর্থিক লেনদেনে বেনিয়ম খুঁজে পাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরবিআইয়ের তরফে। ব্যাঙ্কের অবস্থাও ভাল নয়। এই কো-অপারেটিভ ব্যাঙ্কে যথেষ্ট অর্থ রয়েছে কি না, তা জানতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই কারণেই আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে এই ব্যাঙ্কের গ্রাহকরা টাকা তুলতে পারছেন না।
নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক-কে নতুন কোনও ঋণ বা ডিপোজিট অফার করতেও বারণ করা হয়েছে। নতুন কোনও বিনিয়োগ বা ডিপোজিটও গ্রহণ করতে পারবে না। ব্যাঙ্ক থেকে কোনও পেমেন্টও করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার কারণে ব্যাঙ্ক নিজস্ব কোনও সম্পত্তিও বিক্রি করতে পারবে না। আগামী ৬ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
আপাতত টাকা তুলতে না পারলেও, গ্রাহকদের চিন্তার কারণ নেই। বিনিয়োগকারীরা ডিপোজিট ইনসুরেন্স স্কিমের অধীনে কভার থাকায়, ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত কভার পাবে।

