
নয়া দিল্লি: চলতি অর্থবর্ষের শেষ মাস শুরু হতে চলেছে। আজ ফেব্রুয়ারি মাসের শেষদিন। আগামিকাল থেকে শুরু হবে মার্চ মাস। প্রতি মাসের মতো মার্চ মাসেও একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আর্থিক লেনদেন থেকে শুরু করে রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসতে চলেছে। এই নিয়ম সকলের জেনে রাখা দরকার। কী কী সেই পরিবর্তন?
১ মার্চ, ২০২৬ থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন সিম বাইন্ডিং নিয়ম কার্যকর হবে। এই নিয়মের অধীনে, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপগুলিকে ফোনে সক্রিয় সিম কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। অর্থাৎ যেকোনও ফোনে সংশ্লিষ্ট সিম কার্ড থাকতে হবে। এটি জাল অ্যাকাউন্ট এবং অনলাইন জালিয়াতি প্রতিরোধে সাহায্য করবে।
১ মার্চ থেকে ভারতীয় রেলওয়ে তাদের পুরনো টিকিট বুকিং অ্যাপ, ইউটিএস (UTS) বন্ধ করে দেবে। যাত্রীদের এখন টিকিট বুকিংয়ের জন্য রেলওয়ান RailOne অ্যাপ ব্যবহার করতে হবে। এই নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা থেকে ট্রেন ট্র্যাকিং করা যাবে। রেলওয়ে জানিয়েছে নতুন অ্যাপটি আগের তুলনায় আরও সহজ এবং নিরাপদ হবে।
সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, তা হল ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্সের নিয়ম। গ্রাহকদের স্বস্তি দিতে বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের নিয়ম শিথিল করেছে। এবার থেকে মাসিক গড় ব্যালেন্সের উপরে ভিত্তি করে ন্যূনতম ব্যালেন্সের হিসাব করা হবে। এতে গ্রাহকদের সুবিধা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স মেইনটেন ও জরিমানা এড়াতে পারবেন। আগামী ১ এপ্রিল থেকে ন্যূনতম ব্যালেন্সের বাধ্যবাধকতা ছাড়াই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতি মাসের মতোই মার্চ মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে নতুন দাম ধার্য করা হবে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে বা কমতে পারে। পাশাপাশি সিএনজি, পিএনজি ও এভিয়েশন টাইবাইন ফুয়েলের দামও পরিবর্তন হতে পারে। যদি বিমানের জ্বালানির দাম বাড়ে, তাহলে ফ্লাইটের টিকিটের দামও বেড়ে যাবে।
ডিজিটাল পেমেন্টে ক্রমে জালিয়াতি বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে সরকার এবং ব্যাঙ্কগুলি UPI লেনদেনের জন্য নিয়মকানুন আরও কঠোর করতে পারে। শোনা যাচ্ছে, এবার বড় লেনদেনের জন্য শুধু ইউপিআই পিন দিলে হবে না। সুরক্ষার জন্য আরও এক স্তর নিরাপত্তা বলয় যোগ করা হতে পারে।