
নয়া দিল্লি: ট্রেনের টিকিট ব্যবস্থায় আসতে পারে বিরাট বদল। আগামিদিনে আরএসি (RAC) টিকিট নাও থাকতে পারে। দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করেন, তারা রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা আরএসি টিকিটের সঙ্গে পরিচিত। টিকিট কনফার্ম না হলেও, আরএসি টিকিটে ট্রেনে ওঠা যায়, সফরও করতে পারেন। তবে এবার এই শতাব্দী প্রাচীন পরিষেবাই বন্ধ হয়ে যেতে পারে।
১৯৮০-র দশকে ভারতীয় রেলওয়েতে চালু হয়েছিল আরএসি সিস্টেম, যেখানে পর্যাপ্ত সিট ফাঁকা না থাকায়, দুইজন যাত্রীকে একই আসন বরাদ্দ করা হয়। তবে সিট ভাগ করতে হয় বলে যে টিকিটের দাম অর্ধেক দিতে হয়, এমনটা নয়। পুরো টিকিটের দামই দিতে হয়। তবে যাত্রীদের আরাম ও খরচের কথা মাথায় রেখেই এই ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।
আরএসি টিকিট নিয়ে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে পিএসি রিপোর্টে উল্লেখ করা হয় যে যাত্রীরা টিকিটের পুরো দাম দিয়েও, গোটা বার্থ পান না, এটা অনায্য ব্যবস্থা।
কেন্দ্রীয় সরকার বা ভারতীয় রেলওয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে আরএসি সিস্টেম বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়নি। তবে পাবলিক অ্যাকাউন্ট কমিটি বর্তমান আরএসি ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা পরামর্শ দিয়েছে যে যারা সম্পূর্ণ বার্থ পাচ্ছেন না, তাদের টিকিটের দাম আংশিক রিফান্ড করা উচিত। এর জন্য আলাদা সিস্টেম তৈরির কথাও বলা হয়েছে রেলওয়েকে। কমিটির এই সুপারিশেই আরএসি সিস্টেম বদলে যেতে পারে।
প্রসঙ্গত, আরএসি টিকিটে যাত্রীরা ট্রেনে সফর করতে পারেন, তবে তারা আলাদাভাবে স্লিপিং বার্থ পান না।