
রায়গঞ্জ: নরেন্দ্র মোদী যদি ‘দুর্নীতিগ্রস্ত’ হন, তাহলে তৃণমূলও কিছু কম নয়। বাংলার মাটিতে এসে এভাবেই একযোগে বিজেপি, তৃণমূলকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। সারদা চিটফান্ড থেকে শুরু করে আরজি কর-কাণ্ড, কংগ্রেস সাংসদ একের পর এক তোপ দাগলেন তৃণমূলকে। রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। সেই কেন্দ্রেই প্রচারে এলেন রাহুল।
এর আগে লোকসভা নির্বাচনেও প্রচারে আসেননি রাহুল। এবার বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে তিনি বললেন, “তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে। তৃণমূল যদি নিজের কাজ করত, তাহলে বিজেপি প্রবেশ করতে পারত না।”
বক্তব্যের শুরুতেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান রাহুল। বলেন, নরেন্দ্র মোদী তাঁর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসও বাংলার জন্য কাজ করছে না। নরেন্দ্র মোদী দুর্নীতিবাজ হলে তৃণমূলও কিছু কম নয়।” সারদা চিটফান্ডের কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষক নিয়োগ, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতির কথা উল্লেখ করেন রাহুল গান্ধী বলেন। তিনি বলেন, “তৃণমূল হিংসা ছড়াচ্ছে। পাঁচ লক্ষ লোককে কাজ দেওয়ার কথা বলেছিল তৃণমূল। কত লোককে কাজ দিয়েছে? ৮৪ লক্ষ বেকারভাতার জন্য আবেদন করেছে।” রাহুলের অভিযোগ, বাংলা আগে শিল্প হাব ছিল, সিপিএমের পর তৃণমূল শিল্প পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডের কথাও শোনা যায় রাহুলের মুখে বলতে হবে। তিনি বলেন, “তৃণমূল যা করতে চায়, তাই করতে পারে। কংগ্রেসের সদস্যদের মারধর করে। আমাদের সদস্য তপন কুণ্ডুকে খুন করেছে। কংগ্রেস হিংসার বিরুদ্ধে। আমরা জানি সত্য আর অহিংসার পথেই দেশ এগোবে।”