Shashi Tharoor Convoy Attack: রাতে মাঝ রাস্তায় আটকানো হল শশী থারুরের কনভয়, ব্যাপক মার নিরাপত্তারক্ষীকে

Kerala convoy attack: শশী থারুরের টিমের দাবি, দুটি গাড়ি নিয়ে তাঁরা যাচ্ছিলেন, এমন সময় জনা আটেক লোক পথ আটকে দাঁড়ায়। তারা কিছুতেই গাড়ি এগোতে দিচ্ছিলেন না। বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। শশী থারুরের নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়।

Shashi Tharoor Convoy Attack: রাতে মাঝ রাস্তায় আটকানো হল শশী থারুরের কনভয়, ব্যাপক মার নিরাপত্তারক্ষীকে
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Apr 04, 2026 | 9:52 AM

তিরুবনন্তপুরম: বিক্ষোভ-হামলার মুখে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। হামলায় তাঁর এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলেই খবর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঠিক কী হয়েছিল?

শুক্রবার কেরলের মলপ্পুরমে গিয়ে বিক্ষোভ-অবরোধের মুখে পড়েন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। জানা গিয়েছে, ওয়ান্দুরে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ। তিরুভাল্লি চেলিথোডু ব্রিজের কাছে বেশ কিছু মানুষ জমায়েত করে ছিল। তারা জোর করে শশী থারুরের কনভয় থামায়।

শশী থারুরের টিমের দাবি, দুটি গাড়ি নিয়ে তাঁরা যাচ্ছিলেন, এমন সময় জনা আটেক লোক পথ আটকে দাঁড়ায়। তারা কিছুতেই গাড়ি এগোতে দিচ্ছিলেন না। বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। শশী থারুরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নিরাপত্তা রক্ষী গাড়ি থেকে নেমে তাদের সরাতে গেলে, তাঁকে ব্য়াপক মারধর করা হয়।

নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশের দাবি, এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই। কেন শশী থারুরের কনভয় আটকে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি। উম্মাকা নামক এক অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। এক দফাতেই ভোট হবে। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে। এবারের নির্বাচনে ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্ট (UDF)-র সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। শশী থারুর নির্বাচনী প্রচারে বলেছেন যে এবারের নির্বাচনে কংগ্রেস-ইউডিএফ জোটই জয়ী হবে। কে মুখ্যমন্ত্রী হবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই সিদ্ধান্ত আমি নেব না। নির্বাচিত বিধায়কদে সঙ্গে কথা বলে কংগ্রেসের হাই কম্যান্ডই সিদ্ধান্ত নেবে।”

Follow Us