
গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুরে সাংবাদিক সম্মেলন করলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার। ধৃতদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো ব্যবসাজনিত গন্ডগোলের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড কার্তুজের খোল উদ্ধার হয়েছে। এদিকে গতকাল রাতেই আহত শিবা চৌধুরীকে ছুটি দেওয়া হয়েছে। এলাকায় আতঙ্ক থাকায় আজও ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে গঙ্গারামপুর থানার সামনে তৃণমূল কর্মী শিবা চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে গঙ্গারামপুর টাউন তৃণমূল এসসি, ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী ও তার অনুগামীদের বিরুদ্ধে।
ঘটনার পর আহত শিবা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বুধবার মনোজ জয়সওয়াল ও গাড়িচালক বিশ্বজিৎ কুন্ডুকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় এখনও অধরা রয়েছেন মূল অভিযুক্ত বাবু চৌধুরী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার।