‘১ কোটি টাকা হাঁকিয়ে বাজার তৈরি করছেন!’, কোন গায়িকাকে ঠুকলেন অভিজিৎ?
সেই রিয়েলিটি শো-তে অভিজিৎ এক প্রতিযোগীকে পরামর্শ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে না গাওয়ার জন্য। কারণ তাঁর মতে, বিয়ের অনুষ্ঠানে গাওয়া মানে নিজের শিল্পকে একপ্রকার বিক্রি করে দেওয়া। তবে নেহা এর তীব্র বিরোধিতা করে বলেছিলেন, প্রতিটি কাজই সম্মানের যোগ্য এবং বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার মধ্যে ভুল কিছু নেই।

অভিজিৎ ভট্টাচার্য। এক শাহরুখ থেকে সলমন, আমির সবাইকে কণ্ঠ দিয়েছেন গায়ক। সেই অভিজিৎই এখন খুব বাছাই করে গান করেন। তবে নানা সময় বলিউডকে নিয়ে নানা মন্তব্য করে বিতর্ক শুরু করেন অভিজিৎ। তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্যই মাঝে মধ্যে বিপাকেও পড়েন। সেই অভিজিতই এবার কটাক্ষ করে বসলেন গায়িকা নেহা কক্করকে। তবে একবারও তিনি নেহার নাম নেননি, বরং ইঙ্গিতেই বুঝিয়েছেন।
ঠিক বলেছেন অভিজিৎ?
ইউটিউবার শুভজিৎ ঘোষের সঙ্গে এক আলাপচারিতায় গায়ক অভিজিৎ ভট্টাচার্য পারফর্ম্যান্সের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করার তীব্র সমালোচনা করেছেন। সরাসরি কারও নাম না নিলেও, তাঁর ইঙ্গিত ছিল গায়িকা নেহা কক্করের দিকেই!
নেহার নাম না করে প্রবীণ এই শিল্পী বলেন, “দুর্দান্ত গায়িকা, ওঁর বোনও দারুণ গায়িকা। কিন্তু এখন উনি কোথায়? ‘আমি ১ কোটি টাকা নিই’। এবার আমি কীভাবে বলি যে আমি ৫ কোটি, ১০ কোটি নাকি ৫০ লাখ টাকা নিই? এভাবে মুখের কথায় বাজার তৈরি করা… ছোট ছিল যখন ঠিক ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। এমনটা হওয়া উচিত নয়। মার্কেটিং করুন, তবে ভালোভাবে করুন।”
অভিজিৎ মন্তব্য করেন যে, গায়ক ও শিল্পীদের উচিত নিজেদের সঠিকভাবে উপস্থাপন করা, অতিরিক্ত দর হাঁকানো নয়। কথার মাঝেই উঠে আসে দুই বছর আগে ‘সুপারস্টার সিঙ্গার ৩’-এর সেটে নেহা কক্করের সঙ্গে তাঁর বহুল আলোচিত তর্কবিতর্কের প্রসঙ্গও, যেখানে বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে দু’জনের মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছিল।
সেই রিয়েলিটি শো-তে অভিজিৎ এক প্রতিযোগীকে পরামর্শ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে না গাওয়ার জন্য। কারণ তাঁর মতে, বিয়ের অনুষ্ঠানে গাওয়া মানে নিজের শিল্পকে একপ্রকার বিক্রি করে দেওয়া। তবে নেহা এর তীব্র বিরোধিতা করে বলেছিলেন, প্রতিটি কাজই সম্মানের যোগ্য এবং বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার মধ্যে ভুল কিছু নেই। সেই সময় নেহার কথা বলার ধরন এবং মনোভাবকে ভক্তরা অসম্মানজনক বলে মনে করেছিলেন এবং তাঁর তীব্র সমালোচনা করেছিলেন।
View this post on Instagram
অভিজিৎ বরাবরই বলে এসেছেন যে প্রচুর টাকা মিললেও বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা তিনি পছন্দ করেন না। সেই ঘটনার উল্লেখ করে শুভজিৎকে তিনি বলেন, “মানুষ বিয়েতে প্রচুর টাকা খরচ করে। যে গায়ক বেশি টাকা চায় তাকেই তারা ডেকে নেয়। কিন্তু তারা আমাকে ডাকতে পারে না। বিয়ের মঞ্চে আমাকে গাইতে দেখা যাবে না। আমার গান শুনতে হলে মানুষকে আমার কনসার্টেই আসতে হবে।”
কথা প্রসঙ্গে ফের নেহার বিষয়ে ফিরে এসে অভিজিৎ বলেন, “আমি কারও নাম নেব না, তবে এখন এমন অবস্থা যে ইন্ডাস্ট্রিতে তাঁর নাম বা পোস্টার কোথায়?” নাম না করে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন যে, পেশাগত দিক থেকে নেহা এখন অনেকটাই আড়ালে চলে গিয়েছেন।
