Calcutta High Court: মারণ রোগের মিথ্যা অজুহাত, ধরা পড়ে যেতেই বগটুই মামলার মূল অভিযুক্তকে যে নির্দেশ হাইকোর্টের
Bogtui Massacre Samir Sheikh Bail: আদালতে অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন যে, সমীর শেখ ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত, তাই চিকিৎসার প্রয়োজনে তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সিবিআই তাদের রিপোর্টে স্পষ্ট জানায় যে, অভিযুক্ত ক্যান্সারে আক্রান্ত নন, বরং তিনি লিভারের সমস্যায় ভুগছেন এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে তাঁর উপযুক্ত চিকিৎসা চলছে।

কলকাতা: বগটুই গণহত্যার অন্যতম মূল অভিযুক্ত সমীর শেখের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। চার বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি সমীর শেখ শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে সিবিআই-এর দেওয়া মেডিক্যাল রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জামিনের সেই আর্জি নাকচ করে দেন।
আদালতে অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন যে, সমীর শেখ ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত, তাই চিকিৎসার প্রয়োজনে তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সিবিআই তাদের রিপোর্টে স্পষ্ট জানায় যে, অভিযুক্ত ক্যান্সারে আক্রান্ত নন, বরং তিনি লিভারের সমস্যায় ভুগছেন এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে তাঁর উপযুক্ত চিকিৎসা চলছে।
এদিন শুনানির সময়ে সিবিআই-এর আইনজীবী অমাজিৎ দে সওয়াল করেন, “অভিযুক্ত সরাসরি বগটুই গণহত্যার মতো নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত। এছাড়া সে এতটাই প্রভাবশালী যে তাঁর প্রভাব এড়াতেই বীরভূম থেকে মামলা বর্ধমানে স্থানান্তর করতে হয়েছে।”
সিবিআই-এর এই জোরাল যুক্তি এবং ভুয়ো শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে আসার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জামিনের আবেদন সম্পূর্ণ খারিজ করে দেন। আদালতের এই রায়ে স্পষ্ট হয়ে গেল যে, মারণ রোগের দোহাই দিয়ে বগটুই কাণ্ডের মতো গুরুতর অপরাধের সাজা এড়ানো সহজ হবে না।
