
স্টার জলসার তরফ থেকে সদ্য প্রকাশ্যে আসা একটি প্রোমো ঘিরে ইতিমধ্যেই নেটপাড়ায় রীতিমতো শোরগোল। ভিডিয়োতে দেখা গিয়েছে, বিগ বসের ঘর থেকে আচমকাই গোপন ডাক পেয়েছেন জীতু কমল এবং ভরত কল। কনফেশন রুমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রীতিমতো গম্ভীর মুখে বেরিয়ে আসেন তাঁরা। এরপরেই তাঁরা বাকি সদস্যদের এক জায়গায় জড়ো করেন। ঠিক কী কথা হল তাঁদের মধ্যে, তা প্রোমোতে পুরোপুরি স্পষ্ট করা হয়নি। কিন্তু এরপরের দৃশ্য সত্যিই চমকে দেওয়ার মতো। জীতু এবং ভরত বাকি প্রতিযোগীদের কিছু একটা জানান, আর সেই কথা শোনার পরেই গোটা ঘর জুড়ে শুরু হয় কান্নার রোল।
বিগ বসের ঘরে যে কখন কী হয়, তা আগে থেকে আঁচ করা কার্যত অসম্ভব। রবিবারই শো থেকে বিদায় নিয়েছেন অনুষ্কা। সেই ধাক্কা সামলে প্রতিযোগীরা যখন একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করছেন, তখনই ফের এই নতুন চমক। রিয়েলিটি শোয়ের নিয়ম অনুযায়ী, সাধারণত কোনও প্রতিযোগীর বিদায়বেলাতেই এমন ভারী পরিবেশ তৈরি হয়। কিন্তু গতকালই তো নিয়ম মেনে একপ্রস্ত এভিকশন হয়ে গিয়েছে। তবে কি সপ্তাহের শুরুতেই ফের কেউ আচমকা বাড়ি ছাড়ছেন? প্রতিযোগীদের এমন আবেগপ্রবণ হয়ে পড়ার দৃশ্য দেখে দর্শকদের মনেও নানা প্রশ্ন জাগতে শুরু করেছে।
এই কান্নাকাটির নেপথ্যের কারণ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। একটি বিশেষ সূত্র বলছে, এবার হয়তো বিগ বসের ঘর থেকে আচমকাই বিদায় নিতে চলেছেন ঝিলম। শোনা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই নাকি হঠাৎ করে তাঁকে শো ছাড়তে হতে পারে।
তবে বিগ বসের খেলায় শেষ মুহূর্ত পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়। জীতু ও ভরত কল ঠিক কী বার্তা দিলেন? সত্যিই কি ঝিলম বাড়ি ছাড়বেন, সব জল্পনার অবসান ঘটবে আজকের এপিসোডেই।