
বিগ বস বাংলা মানেই ড্রামা, সাসপেন্স আর রোজ নতুন নতুন সমীকরণ। ক্যামেরার সামনে কে কার আপন, আর কে পিছন ঘুরলেই ছুরি মারতে প্রস্তুত, তা বোঝা দর্শকদের কাছেও বেশ কঠিন। এবার বিগ বসের ঘরে এমনই এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হল। সোহিনী, অ্যালেক্স আর দুর্নিবার, এই তিন প্রতিযোগীর দ্বন্দ্বে এখন সরগরম বিগ বসের গোটা বাড়ি। একদিকে উড়ে আসছে ‘নাগিন’ কটাক্ষ, তো অন্যদিকে পালটা জুটছে ‘মিথ্যেবাদী’ তকমা! সব মিলিয়ে বিনোদনের পারদ এখন চরমে।
কী নিয়ে অ্যালেক্স দুর্নিবারের মধ্য ঝামেলা বাধে?
ঘটনার সূত্রপাত হয় সোহিনী আর অ্যালেক্সের একটি কথোপকথন থেকে। সোহিনী স্পষ্টই অ্যালেক্সকে জানিয়ে দেন, তিনি দুর্নিবার আর সৃজলাকে কোনও ভাবেই বিশ্বাস করতে পারছেন না। আর এই কথা শুনেই যেন আগুনে ঘি পড়ে। অ্যালেক্সও সুযোগ বুঝে ফাঁস করে দেন আগের রাতের এক বিস্ফোরক কথা। সোহিনীকে তিনি জানান, আগের দিন রাতে দুর্নিবার তাঁকে রীতিমতো সতর্ক করেছিলেন। দুর্নিবারের কড়া নির্দেশ ছিল, তনুশ্রীকে যেন কোনও ভাবেই রান্নার দায়িত্ব দেওয়া না হয়। শুধু তাই নয়, সোহিনীকে ভাইস ক্যাপ্টেন বানাতেও সাফ বারণ করেছিলেন তিনি! দুর্নিবার নাকি অ্যালেক্সকে বুঝিয়েছিলেন যে, বিগ বস বাংলার এই পুরো বাড়ির দায়িত্ব অ্যালেক্সকেই নিজের কাঁধে তুলে নিতে হবে। উত্তরে অ্যালেক্স অবশ্য জানিয়েছিলেন, তিনি এত কিছু একা সামলাতে পারবেন না।
তবে বচসা এখানেই থেমে থাকেনি। অ্যালেক্স এরপর রীতিমতো বোমা ফাটান। তাঁর দাবি, দুর্নিবার তাঁকে বলেছেন যে, ঝিলম নাকি আচমকা পালটি খাবে এবং নন্দিনীকে ভোট দিয়ে বসবে! আর এই মারাত্মক অভিযোগ তুলেই দুর্নিবারকে সোজা ‘নাগিন’ বলে কটাক্ষ করে বসেন অ্যালেক্স। স্বভাবতই এই কথা শুনে চুপ করে বসে থাকার পাত্র নন দুর্নিবার। সবার মাঝে এই প্রসঙ্গে আবার কথা উঠতেই, তিনি নিজের আত্মপক্ষ সমর্থনে সঙ্গে সঙ্গে মুখ খোলেন। দুর্নিবারের দাবি, তিনি অ্যালেক্সকে শুধুমাত্র বলেছিলেন, “যা পরিস্থিতি চলছে, তাতে কিন্তু দুজনের ভোট আচমকা বদলে যেতে পারে।” তখন অ্যালেক্সই নাকি নিজে থেকে প্রশ্ন করেন, “তুমি কি ঝিলমের কথা বলছ?” দুর্নিবার শুধুমাত্র বলেছিলেন, “হতে পারে, আমি জানিনা” দুর্নিবারের স্পষ্ট অভিযোগ, তাঁর কথার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে বিগ বসের ঘরে ইচ্ছে করে জলঘোলা করছেন অ্যালেক্স।
কিন্তু অ্যালেক্সও নিজের দাবিতে একেবারে অনড়। তিনি পালটা বলেন, দুর্নিবার তাঁকে স্পষ্টই জানিয়েছিলেন যে, ৩ জন অ্যালেক্সের বিপক্ষে চলে যাবে, আর তার মধ্যে ঝিলম অন্যতম। এই কাদা ছোঁড়াছুঁড়ির মাঝেই দুর্নিবার মেজাজ হারিয়ে অ্যালেক্সকে সবার সামনে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ করেন। তর্কাতর্কি চরমে পৌঁছলে অ্যালেক্স ক্ষোভ উগরে দিয়ে বলেন, দুর্নিবার আসলে ইচ্ছে করে তাঁর কান ভাঙানোর চেষ্টা করছেন। শেষমেশ যা হল, তা রীতিমতো নাটকীয়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে, অ্যালেক্সকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাঁর আক্ষেপ, এই সব ভুল বোঝাবুঝির জেরে ঝিলমের সঙ্গে তাঁর সুন্দর বন্ধুত্বটাই একেবারে নষ্ট হয়ে যাবে। অন্যদিকে, রাগে ফুঁসতে থাকা দুর্নিবার কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অ্যালেক্সের সঙ্গে তিনি আর কখনও কথাই বলবেন না। আগামী দিনে বিগ বস বাংলার ঘরে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।