
বিগ বস বাংলার ঘরে এখন টানটান উত্তেজনা। প্রতিদিন নিত্যনতুন ড্রামা আর বিতর্কে সরগরম এই রিয়্যালিটি শো। শোয়ের অন্যতম জনপ্রিয় ও চর্চিত প্রতিযোগী রাজবীরকে নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন ইউটিউবার স্যান্ডি সাহা। শুধু মুখে বলা নয়, একেবারে প্রমাণ-সহ সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছেন তিনি। স্যান্ডি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, রাজবীর নাকি টাকার জন্য সব কিছু করতে পারেন! এমনকী, স্যান্ডির সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতেও নাকি মাত্র ৫ হাজার টাকায় রাজি হয়ে গিয়েছিলেন বিগ বসের এই চর্চিত মুখ। আর নিজের এই দাবির সপক্ষে একটি ভিডিয়োয় রাজবীরের সঙ্গে তাঁর পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছেন তিনি। যা দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল।
নিজের মোবাইল ফোনে রাজবীরের সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট সকলের সামনে তুলে ধরেন স্যান্ডি। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, স্যান্ডি রাজবীরকে দুবাইয়ে হানিমুনে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আর রাজবীর মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে সেই প্রস্তাবে অনায়াসেই রাজি হয়ে গিয়েছেন! এই প্রসঙ্গে স্যান্ডি তীব্র কটাক্ষ করে বলেন, “যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর কীই বা বলার আছে!” তিনি আরও যোগ করেন, “ওর কাছে টাকাটাই সব। রাজবীর প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা করে চাইত।”
কলকাতায় রাজবীরের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে স্যান্ডি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, “একসময় এই শহর কলকাতায় ওর মাথা গোঁজার কোনও জায়গাই ছিল না। তখন শিলিগুড়ি থেকে এসে ও আমার বাড়িতেই দিনের পর দিন কাটিয়েছে। আমি ওকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু এখন ও নিজের স্বার্থসিদ্ধির জন্য একের পর এক মানুষকে ব্যবহার করে চলেছে।”
বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে রাজবীরের বর্তমান সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন এই ইউটিউবার। স্যান্ডির স্পষ্ট কথা, “বিগ বসের এই প্রেম পুরোটাই ওর গেম প্ল্যান। মুম্বইয়ের একাধিক ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে নন্দিনী—সবাইকেই ও নিজের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ও আমার সঙ্গেও প্রেমের নাটক করত। রিয়্যালিটি শোয়ে টিকে থাকার জন্যই ও প্রেমের এই নাটক করছে। আমি কখনও ভাবতেও পারিনি যে, ও এতটা স্বার্থপর হতে পারে।”
স্যান্ডি জানিয়েছেন, একসময় রাজবীরকে তিনি অত্যন্ত ভালো বন্ধু ভাবতেন। রাজবীর যখন রোডিজ থেকে বাদ পড়েছিলেন, তখন স্যান্ডি নাকি রীতিমতো কেঁদেছিলেন। কিন্তু আজ সেই বন্ধুত্বের পরিণতি অত্যন্ত তিক্ত। স্যান্ডির মতে, রাজবীর গেম খুব ভালো খেলছেন এবং হয়তো বিগ বস বাংলার ট্রফি জিততেও পারেন। কিন্তু মানুষ হিসেবে তাঁর এই জয়টা স্যান্ডির কাছে একেবারেই আনন্দের হবে না।
জল্পনা ছিল স্যান্ডিরও বিগ বস বাংলায় আসার। কিন্তু কোনও কারণবশত শেষমেশ তাঁকে শোয়ে দেখা যায়নি। স্যান্ডি যদি ভবিষ্যতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে ঢোকেন, তবে রাজবীরের সঙ্গে তাঁর মুখোমুখি সাক্ষাৎ যে শোয়ের টিআরপি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।