
বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে খেলা এখন আর শুধু খেলা নেই। তা যেন রীতিমতো যুদ্ধক্ষেত্রে বদলে গিয়েছে! টিকিট টু ফিনালে জিততে গিয়ে সৌরভ দাস (Saurav Das)-কে রিকশা থেকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেন জীতু কমল (Jeetu Kamal)। ছাউনি ভেঙে মাটিতে পড়ে বড় চোট পান সৌরভ। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ল সৌরভের পরিবার। জীতুর বিরুদ্ধে সরাসরি ‘ধ্বংসাত্মক মানসিকতা’-র অভিযোগ আনলেন তাঁর পরিবার।
কী বলেছে সৌরভের পরিবার?
ঘটনার পর একটি সাক্ষাৎকারে সৌরভের বাবা-মায়ের গলায় ধরা পড়ল চরম উদ্বেগ। সৌরভের মায়ের কথায়, “যে উপায়ে ওকে ছিটকে দেওয়া হল, সেটা অনৈতিক এবং ভয়ঙ্কর। পড়ে গিয়ে মুখটা ফেটে যেতে পারত।” সৌরভের মায়ের দাবি, সৌরভ সবসময় নিয়ম মেনে একা খেলতে ভালোবাসেন। কাউকে আঘাত করে ট্রফি জেতা তাঁর স্বভাব নয়।
জীতুর আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁরা। সৌরভের মায়ের কথায়, “ওর একটা ধ্বংসাত্মক মানসিকতা আছে। ওর মানসিক সুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন।” এর আগেও লোহার রড দিয়ে বিগ বসের ঘর ভাঙার হুমকি দিয়েছিলেন জীতু। শুধু তা-ই নয়, খাবারে অতিরিক্ত লঙ্কা বা চিনি মেশানো এবং নিজের বিশাল চেহারার জোর দেখিয়ে নিরঞ্জনকে ভয় দেখানোর প্রসঙ্গও তুলে ধরেন তাঁরা। সৌরভের মা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বিগ বসে ট্রফি না জিতলে কি জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে? ওকে আর মানুষ বলা যাচ্ছে না।”
সৌরভের মায়ের অভিযোগ, ঘরের ভেতর জীতু ও রাজবীরের মধ্যে একটা গোপন আঁতাত তৈরি হয়েছে। রিকশার টাস্কে রাজবীর শুধু সৌরভকেই নিশানা করছিলেন। এর আগেও নিরঞ্জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজবীর। পাশাপাশি, সারারাত না ঘুমিয়ে রাজবীর যেভাবে ক্যাপ্টেন্সি করছেন, তাকে ‘হাস্যকর’ বলেও কটাক্ষ করেন তিনি। দাদার পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন সৌরভের বোনও। এর আগে মনামীর মা জীতুর আচরণে রেগে বলেছিলেন, “জীতু কমল একজন খুনি”। সেই কথা মনে করিয়ে মনামীর মাকে সমর্থন করেন সৌরভের মা এবং তাঁর পরিবার।
টাস্কে ঠিক কী ঘটেছিল? সরব নেটপাড়াও
টিকিট টু ফিনালের শেষ টাস্কে একটি রিকশায় পাশাপাশি বসেছিলেন জীতু ও সৌরভ। নিয়ম ছিল, ঘরের বাকিরা তাঁদের বিরক্ত করবেন, কিন্তু ধাক্কা দেওয়া বা রিকশা ঝাঁকানো চলবে না। অনুশ্রী ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা গরম করে ধোঁয়া ছাড়তে থাকেন, রাজবীর দু’জনের হাতেই ফোম মাখাতে শুরু করেন। এর মাঝেই সৌরভ একটু নিচের দিকে ঝুঁকতেই ‘সরি সৌরভ’ বলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন জীতু। ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়ে যান সৌরভ, কেটে গিয়ে রক্তও বেরোয়।
সৌরভ জানান, খেলার মাঝেই জীতু নাকি ‘শিবের দিব্যি’ কেটে কথা দিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় হেরে সৌরভকে জিতিয়ে দেবেন। যদিও সৌরভ নিজেই তাতে রাজি হননি। চোট পেয়ে মেজাজ হারালেও, শেষ পর্যন্ত খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে জিতুর সঙ্গে হাত মিলিয়ে সরে যান সৌরভ। অন্যদিকে নিরঞ্জন, তনুশ্রী, রণিতা ও দুর্নিবাররা জিতুর এই কাজের তীব্র সমালোচনা করেন।
এই ঘটনার পর উত্তাল নেটপাড়াও। বহু নেটিজেন জীতুর এমন আচরণের তীব্র প্রতিবাদ করেছেন। পাশাপাশি, পুরো ঘটনা চোখের সামনে দেখেও সৃজলা পাশে দাঁড়িয়ে কোনও কথা বলেননি—তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একাংশ।
মাঝরাতে নাটকীয় মোড়!
বিগ বস শেষ পর্যন্ত জিতুকেই টিকিট টু ফিনালের বিজয়ী ঘোষণা করেন এবং উপহার দেন। সৌরভের লড়াইয়েরও প্রশংসা করা হয়। কিন্তু আসল চমক ছিল গভীর রাতে। ঘরের সবাই ঘুমিয়ে পড়লে কনফেশন রুমের সামনে গিয়ে বিগ বসের কাছে টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জি জানান জীতু। তিনি বলেন, “যদি এটার ফলে কোনও নিয়ম না ভাঙে, তবে বিগ বস আপনি টিকিট টু ফিনালেটা নিয়ে নিন। শনিবার আমি দাদার দরবারেও দিয়ে দিতে পারি। আমি আগামী দু’টো সপ্তাহ ফাইট করেই ফাইনালে যেতে চাই।” এখন দেখার, জীতুর এই আর্জিতে বিগ বস কী সিদ্ধান্ত নেন।