Bigg Boss Bangla: ‘বিগ বস’-এর ঘরে ধুন্ধুমার! মাইক খুললেন রাজবীর, কড়া শাস্তি পেলেন দুর্নিবার
Bigg Boss Bangla Rajveer Dey: বিগ বস বাংলার ঘরে কয়েন চুরি নিয়ে তুমুল অশান্তি। দুর্নিবার সাহা ও রাজবীর দের মধ্যে হাতাহাতির উপক্রম। নিয়ম ভাঙার কড়া শাস্তি পেলেন দুর্নিবার। বিগ বসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়লেন রাজবীর।

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন পরতে পরতে উত্তেজনা। দিন যত এগোচ্ছে, প্রতিযোগীদের মধ্যে সমীকরণ ততই বদলাচ্ছে। এবার কয়েন হারানোকে কেন্দ্র করে চরম অশান্তি দেখা গেল রাজবীর দে এবং দুর্নিবার সাহার মধ্যে। ঝামেলা রীতিমতো হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছয়।
ঠিক কী ঘটেছে বিগ বসের ঘরে?
দুর্নিবার তাঁর লাক্সারি টাস্কের জমানো কয়েনগুলি যথাস্থানে খুঁজে পাচ্ছিলেন না। তনুশ্রী সেই কয়েনগুলো দুর্নিবারের ঘুমানোর সময় সরিয়ে দিয়েছিলেন। আর এই নিয়েই ঝামেলার সূত্রপাত। কয়েন না পেয়ে বিরক্ত দুর্নিবারকে রাজবীর ‘জ্ঞান’ দিতে শুরু করেন। তিনি মন্তব্য করেন, সকালে আরও আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল দুর্নিবারের। এতেই রেগে গিয়ে গায়ক রাজবীরকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন দুর্নিবার। পাল্টা ‘প্যান্টস ডাউন’ বলে কটাক্ষ করেন রাজবীর। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দু’জনে একে অপরের দিকে রীতিমতো তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন অন্যান্য প্রতিযোগীরা। সৃজলা ও রণিতা মিলে দুর্নিবারকে আটকানোর চেষ্টা করেন। অন্যদিকে জীতু, নন্দিনী এবং সৌরভরা রাজবীরকে শান্ত করেন।
এই ঘটনার পর বিগ বস কড়া পদক্ষেপ নেন। দু’জনকেই কড়া ভাষায় সতর্ক করা হয়। দুর্নিবার নিজের ভুল স্বীকার করে নিলেও রাজবীর একেবারে অন্য মেজাজে ছিলেন। তাঁকে কমফেশন রুমে না ডাকা হলে তিনি মাইক খুলে ফেলার হুঁশিয়ারি দেন। শুধু মুখে বলা নয়, বিগ বসের নির্দেশ সম্পূর্ণ অমান্য করে সত্যি সত্যিই মাইক খুলে ফেলেন তিনি। এরপরই বড়সড় শাস্তির মুখে পড়তে হয় দুর্নিবারকে। তাঁকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আগামী দু’সপ্তাহের জন্য তাঁকে ক্যাপ্টেন পদে মনোনয়নের সুযোগ থেকেও বাদ দেওয়া হয়েছে। দুর্নিবার বিগ বস সহ বাড়ির বাকি সকলের কাছে ক্ষমা চান।
শাস্তি ঘোষণার পরেও শান্ত হননি রাজবীর। উল্টে বিগ বসের সিদ্ধান্ত নিয়েই তিনি প্রবল ক্ষোভ প্রকাশ করেন। বিগ বসের নিরপেক্ষতা নিয়ে সরাসরি অভিযোগ তোলেন তিনি। রাগে ফেটে পড়ে ঘর ছেড়ে বেরিয়ে যান রাজবীর। পরে নন্দিনী তাঁকে বুঝিয়ে কিছুটা শান্ত করেন। তবে রাজবীরের এই বিদ্রোহ আগামী দিনে বিগ বসের ঘরে নতুন কোনও বিতর্কের জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার।
