
বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন একেবারে কুরুক্ষেত্র পরিস্থিতি! একদিকে সিংহাসনে বসে আছেন ‘মহারাণী’ মনামী। তাঁকে ঘিরে তৈরি হয়েছে দুটি আলাদা দল। একদল মহারাণীর অন্ধ ভক্ত, যাদের সেনাপতি হলেন জিতু কমল। আর অন্য দলে রয়েছেন সাধারণ প্রজারা। এই দুই দলের মধ্যে সারাদিনই চলছে তুমুল অশান্তি। কিন্তু এই প্রবল ঝগড়া আর উত্তেজনার মধ্যেই হঠাৎ দেখা গেল এক দমকা প্রেমের হাওয়া! ঘরে যুদ্ধ চললেও, রোম্যান্স কিন্তু থেমে নেই।
বাথরুমের বাইরে আদুরে আবদার
খেলার চাপ যতই থাক, মন কি আর মানতে চায়? তাই তো টাস্কের ফাঁকেই তৈরি হল এক দারুণ মিষ্টি মুহূর্ত। ঘটনাটা ঠিক কী? রাজবীর বাথরুমে গিয়েছিলেন ফ্রেশ হতে। তিনি বেরোনোর অপেক্ষায় লাউঞ্জে দাঁড়িয়ে ছিলেন নন্দিনী। রাজবীর বাইরে আসতেই নন্দিনী মিষ্টি করে জানতে চান, তাঁর এখন কী দরকার। এই আচমকা প্রশ্নে রাজবীর তো প্রথমে বেশ ঘাবড়েই গিয়েছিলেন! ঠিক কী উত্তর দেবেন, তা ভেবেই পাচ্ছিলেন না।
নন্দিনীর চুমুতে আত্মহারা রাজবীর!
এরপরই ঘটে সেই কাণ্ড! জগার্স পরা রাজবীর হঠাৎ দু’হাত ছড়িয়ে বলে ওঠেন, “আমাকে একটু জড়িয়ে ধরবে?” এই আদুরে আবদার শুনে নন্দিনীও আর না করতে পারেননি। তিনি রাজবীরকে টেনে নেন এক উষ্ণ আলিঙ্গনে। তবে চমক এখানেই শেষ নয়! জড়িয়ে ধরার পরই রাজবীরের গালে একটি আলতো চুমু এঁকে দেন নন্দিনী।
ব্যাস, আর যায় কোথায়! চুমু পেয়ে রাজবীরের তখন মেঘ না চাইতেই জল অবস্থা। খুশিতে একেবারে আত্মহারা হয়ে পড়েন তিনি। আনন্দে নানা রকম অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করেন। মুখ দিয়ে মজার সব শব্দও করতে থাকেন। রাজবীরের এমন কাণ্ডকারখানা দেখে নন্দিনীও আর হাসি চাপতে পারেননি। হাসতে হাসতেই তিনি লাউঞ্জ ছেড়ে অন্যদিকে চলে যান।
একদিকে যখন ‘মহারাণী’-কে নিয়ে ঘরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তখনই এই দুই প্রতিযোগীর এমন মিষ্টি রসায়ন দর্শকদের বেশ আনন্দ দিচ্ছে। তবে তাঁদের এই সম্পর্ক কী আদতেও বন্ধুত্ব, প্রেম, না পুরোটাই গেম প্ল্যান, সেই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। আবার অনেক নেটিজেন তাঁদের জুটিকে ভালোবেসে নাম দিয়েছেন ‘রাজনন্দিনী’ বিগ বসের ঘরে এই সমীকরণ আগামী দিনে নতুন কোনও চমক আনে কি না, দর্শকদের সঙ্গে আমরাও এখন তারই অপেক্ষায়। কখনও ঝগড়া, কখনও প্রেম, সব মিলিয়ে বিগ বস এখন সুপারহিট!