
বিগ বস বাংলা (Bigg Boss Bangla) -র ঘরে এখন টানটান উত্তেজনা। শুরু থেকেই দর্শকদের চর্চায় রয়েছে এই রিয়েলিটি শো। বর্তমানে বিগ বসের ঘরে টিকে আছেন ১১ জন প্রতিযোগী। তাঁরা হলেন জীতু, মনামী, তনুশ্রী, রাজবীর, নন্দিনী, সোনামণি, লাফটারসেন, সৌরভ, রণিতা, দুর্নিবার এবং সৃজলা। দিনের পর দিন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে স্টার জলসার তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিযোগীর পরিবারের সদস্য এবং বন্ধুদের বার্তা নিয়ে আলাদা আলাদা ভিডিয়ো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। প্রতিযোগীদের কাছের মানুষরা সেখানে নিজেদের মনের কথা জানিয়েছেন। যদিও এই ভিডিয়োগুলি এখনও বিগ বসের অন্দরে প্রতিযোগীদের দেখানো হয়নি। বাইরের দর্শকদের জন্য তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
কিন্তু দর্শকদের তীক্ষ্ণ নজর এড়ায়নি একটি বিশেষ বিষয়। সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জোর চর্চা শুরু হয়। এক নেটিজেন প্রশ্ন তোলেন, চ্যানেল সবার বাড়ির লোকের ভিডিয়ো দেখালেও জিতু আর দুর্নিবারের কোনও ভিডিয়ো কেন পোস্ট করল না? এই প্রশ্ন মুহূর্তে ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। অনেকেই নানা রকম কারণ খুঁজতে শুরু করেন।
অবশেষে সব জল্পনার অবসান ঘটান দুর্নিবারের বাবা দর্পণ সাহা। ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি নিজে এসে আসল কারণটি স্পষ্ট করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন কেন তাঁদের ভিডিয়ো এখনও আসেনি।
কী বলেছেন তিনি?
দর্পণ সাহা তাঁর কমেন্টে লেখেন, “আমি দুর্নিবারের বাবা বলছি। চ্যানেল যখন যোগাযোগ করেছিল, আমরা কেউ বাড়ি ছিলাম না। ফ্যামিলি উইকের জন্য শুট হবে। সবাই নিশ্চয়ই দেখতে পাবেন। দুর্নিবারের জন্য সকলের আন্তরিক সমর্থনকে ধন্যবাদ জানাই”।
তাঁর এই মন্তব্যের পর দুর্নিবারের ভক্তরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। বোঝাই যাচ্ছে, আগামীতে ফ্যামিলি উইকে একটি বড় চমক আসতে চলেছে। তবে জিতুর পরিবারের ভিডিয়ো কেন প্রকাশ্যে আসেনি, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট কারণ জানা যায়নি।