Mandira Bedi: আবার স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে: মন্দিরা বেদী

Mandira Bedi: বর্তমানে বাঁচার চেষ্টা করছেন মন্দিরা। অতীত ভুলে, ভবিষ্যতের চিন্তা না করে শুধুমাত্র বর্তমান সময়টুকুকে আঁকড়ে ধরতে চাইছেন।

Mandira Bedi: আবার স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে: মন্দিরা বেদী
মন্দিরা বেদী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:00 PM

দীর্ঘদিনের বন্ধু তথা স্বামী রাজ কুশলকে হারিয়েছেন কিছুদিন আগেই। দুই সন্তান বীর এবং তারাকে সামলানোর দায়িত্ব এখন একা মন্দিরা বেদীর কাঁধে। ধীরে ধীরে দৈনন্দিনে অভ্যস্ত হতে চেষ্টা করছেন তিনি। স্বাভাবিক হতে চাইছেন প্রাণপণে। কিন্তু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানালেন তিনি।

মন্দিরা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আবার স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। মানসিক ভাবে, শারীরিক দিক থেকে এবং আবেগের দিক থেকে সময় লাগবে অনেকটা। কিন্তু প্রতিদিন আমি কোনও একটা লক্ষ্য নিয়ে ঘুম থেকে উঠি। যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করি। আর এই সব কিছুর মধ্যে আমি কৃতজ্ঞতা অভ্যেস করি। কারণ সব সময় কিছু না কিছুর প্রতি কৃতজ্ঞ হওয়ার কারণ থাকেই। সকলের দিনটা ভাল কাটুক।’

বর্তমানে বাঁচার চেষ্টা করছেন মন্দিরা। অতীত ভুলে, ভবিষ্যতের চিন্তা না করে শুধুমাত্র বর্তমান সময়টুকুকে আঁকড়ে ধরতে চাইছেন। তিনি লিখেছিলেন, ‘… বর্তমান যেমনই হোক, তাতেই থাকার চেষ্টা করছি। বর্তমান মুহূর্ত, বর্তমান মানুষ, বর্তমান পরিস্থিতি…।’

কাজে ফিরতে পেরে জীবনের প্রতি কৃতজ্ঞ বোধ করেছেন মন্দিরা। দিন কয়েক আগে শুটিং সেট থেকে নিজের ছবি শেয়ার করে মন্দিরা লিখেছিলেন, ‘কাজে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। আমার জীবনে যাঁরা রয়েছেন, তাঁদেরকে পেয়ে আমি স্নেহধন্য, কৃতজ্ঞ। সুস্থ এবং জীবিত আছি বলেও কৃতজ্ঞ আমি।’

মাত্র ৪৯ বছর বয়সে আচমকা রাজ কুশলের চলে যাওয়াটা মেনে নেওয়া মন্দিরা বেদীর পক্ষে সহজ ছিল না। রাজের প্রয়াণের এক মাস পর কিছুটা সামলে উঠেছেন ঠিকই। কিন্তু এখনও পরিস্থিতি তাঁর কাছে সহজ নয়। যে মন্দিরার সোশ্যাল ওয়াল ভরে থাকত হাসিখুশি ছবিতে, রাজের প্রয়াণের পর সেখানে বিষাদ নজরে পড়েছে সকলের। কিন্তু জীবনের কথা ভেবেই হাসতে হল মন্দিরাকে। ফিরতে হল পেশাদার জগতে।

সিআইডি’, ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘শান্তি’-র মতো টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে মন্দিরার অভিনয় দেখেছেন দর্শক। ‘ফেম গুরুকূল’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর মতো শো-এ সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। ব্যক্তি জীবনের বিপর্যয় কাটিয়ে কাজে ফিরেছেন। তাঁকে ফের দারুণ কিছু প্রজেক্টে দেখতে পাওয়ার আশা করছেন দর্শক।

আরও পড়ুন, ‘আমাকে কি পছন্দ করেন?’ ভারতীর প্রশ্নের উত্তরে এ ভাবে রিঅ্যাক্ট করলেন মাধুরী!

Follow Us