Farha Khan: বিহারের কৃষক থেকে ফারহা খানের রাঁধুনি, রয়েছে বিএমডব্লিউ গাড়িও! জানেন দিলীপের রোজগার কত?
Farha Khan's cooks income:এক সময় বিহারের দ্বারভাঙ্গা জেলার এক অখ্যাত গ্রামে মাঠে কাজ করতেন তিনি। আজ তিনি বলিউডের জনপ্রিয়তম রাঁধুনিদের একজন। কেবল রান্নাই নয়, নিজের অমায়িক ব্যবহার আর সারল্য দিয়ে দিলীপ এখন কোটি কোটি মানুষের প্রিয় ‘সোশ্যাল মিডিয়া স্টার’।

বলিউডের হাই-প্রোফাইল পার্টি হোক বা শ্যুটিং সেট— ফারহা খানের ছায়াসঙ্গী হিসেবে এখন যাঁকে প্রায়ই দেখা যায়, তিনি হলেন বিহারের লাল দিলীপ মুখিয়া। এক সময় বিহারের দ্বারভাঙ্গা জেলার এক অখ্যাত গ্রামে মাঠে কাজ করতেন তিনি। আজ তিনি বলিউডের জনপ্রিয়তম রাঁধুনিদের একজন। কেবল রান্নাই নয়, নিজের অমায়িক ব্যবহার আর সারল্য দিয়ে দিলীপ এখন কোটি কোটি মানুষের প্রিয় ‘সোশ্যাল মিডিয়া স্টার’।
২০০৩ সালে সবিতার সঙ্গে গাঁটছড়া বাঁধা দিলীপের সংসারে রয়েছে তিন ছেলে। প্রায় এক দশক আগে ভাগ্যান্বেষণে মুম্বইয়ে পা রেখেছিলেন তিনি। শুরুতে ছোটখাটো কাজ বা বিভিন্ন বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করলেও বছর দশেক আগে তাঁর ভাগ্য খোলে। সুযোগ পান ফারহা খানের বাড়িতে কাজ করার। গত ১০ বছরে দিলীপ আর পাঁচজন কর্মীর মতো নন, বরং ফারহার পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছেন।
বছর খানেক আগে ফারহা খান যখন ইউটিউব চ্যানেল শুরু করেন, তখন দিলীপকে তিনি ক্যামেরার সামনে নিয়ে আসেন। তারকাদের বাড়ি ঘুরে দেখানো হোক বা তাঁদের প্রিয় খাবারের রেসিপি শেয়ার করা— ফারহার সব ভ্লগেই এখন দিলীপের উজ্জ্বল উপস্থিতি। এমনকি, বড় বড় তারকাদের সঙ্গে শ্যুটিং সেটেও এখন নিয়মিত যাতায়াত তাঁর।
এক সময়ের দিনমজুর দিলীপের মাসিক আয় এখন ১ লক্ষ টাকারও বেশি। ফারহা খান মজা করে একবার জানিয়েছিলেন, ১ লক্ষ টাকার অভিনয়ের অফারও দিলীপ ফিরিয়ে দিয়েছেন কারণ তাঁর কাছে এখন সেই অঙ্কটি কম মনে হয়। শুধু তাই নয়, শোনা যায় দিলীপ এখন একটি বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়িরও মালিক। নিজের গ্রামে তিনি তৈরি করছেন তিন তলা বিশিষ্ট ৬ কামরার একটি বিশাল বাড়ি, যেখানে তাঁর স্ত্রী ও সন্তানরা থাকেন। শোনা যাচ্ছে, সেই বাড়িতে একটি আস্ত সুইমিং পুলও বানানোর পরিকল্পনা রয়েছে তাঁর। বিহারের এক সাধারণ গ্রাম থেকে মুম্বইয়ের বিলাসবহুল জীবন— দিলীপ মুখিয়ার এই লড়াই আজ অনেক মানুষের কাছেই অনুপ্রেরণা। ফারহা খান কেবল তাঁকে চাকরিই দেননি, দিয়েছেন এক নতুন পরিচয় ও সম্মান।
