Amitabh Bachchan Fan Faints: অমিতাভ বচ্চনকে দেখতে গিয়ে জ্ঞান হারালেন ভক্ত! তারপর…
Amitabh Bachchan Sunday Darshan Fan Faints: অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে প্রতি রবিবার ভিড় জমান অগণিত ভক্ত। কিন্তু প্রবল গরমে এই 'সানডে দর্শন'-এ ঘটল বিপত্তি, জ্ঞান হারালেন এক অনুরাগী। অন্যদিকে, বিগ বি-র স্বাস্থ্য নিয়েও মিলল বড় আপডেট।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মানেই ভক্তদের কাছে এক অন্যরকম আবেগ। প্রতি রবিবার মুম্বইয়ে তাঁর জুহুর বাংলো ‘জলসা’-র বাইরে উপচে পড়ে মানুষের ঢল। উদ্দেশ্য একটাই, প্রিয় তারকাকে এক ঝলক দেখা। ভক্তরা ভালোবেসে ‘সানডে দর্শন’ বলেন। কিন্তু এই সপ্তাহের রবিবার সেই চেনা আনন্দ পরিণত হল চরম আতঙ্কে। কাঠফাটা রোদ আর থিকথিকে ভিড়ের চাপে আচমকাই বাংলোর বাইরে জ্ঞান হারালেন এক অনুরাগী।
মেগাস্টার যদি মুম্বইয়ে থাকেন, তবে রবিবার তিনি বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন এবং তাঁদের ভালোবাসার দাম দেবেন, এটাই ঘটে আসছে বছরের পর বছর। ভক্তদের ভালোবাসাকে তিনি কখনও নিরাশ করেন না। গত ২৪ মে-র রবিবারও তার ব্যতিক্রম হয়নি। সাদা পোশাকে বিগ বি যখন বাইরে এলেন, তখন উন্মাদনা চরমে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রবল গরম ও ভিড়ের ঠেলায় এক ব্যক্তি হঠাৎ করেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। আশেপাশের মানুষজন তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন। দ্রুত তাঁকে জল খাইয়ে সুস্থ করার চেষ্টা করা হয় এবং ভিড় সরিয়ে বাতাস চলাচলের জায়গা করে দেওয়া হয়। এখন কেমন আছেন সেই ভক্ত সেটা জানা যায়নি।
এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় প্রবল উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র এক ঝলক দেখার জন্য জীবনের এমন ঝুঁকি নেওয়ার কী অর্থ! এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “জানি না কেন মানুষ এত কষ্ট করে সেখানে যান!” অন্য একজনের আক্ষেপ, “জীবনের ঝুঁকি নিয়ে এত গুরুত্ব দেওয়ার কী আছে?”
View this post on Instagram
এই ঘটনার পাশাপাশি সম্প্রতি বিগ বি-র স্বাস্থ্য নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। গত সপ্তাহে রটে যায়, ১৬ মে থেকে মুম্বইয়ের এক বিলাসবহুল হাসপাতালে নাকি চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে সূত্রের খবর অনুযায়ী, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। শনিবার তিনি নানাবতী হাসপাতালে গিয়েছিলেন ঠিকই, তবে তা ছিল নেহাতই রুটিন চেক-আপ। প্রতি মাসেই তিনি এই নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে যান। পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে আসেন এবং পরের দিন তাঁকে নিজের গাড়ি চালিয়ে ‘জলসা’ থেকে ‘জনক’-এ যেতেও দেখা গিয়েছে। ৮৩ বছর বয়সী অভিনেতা বর্তমানে একদম সুস্থ রয়েছেন।
কাজেই ভক্তদের আশঙ্কার কোনও কারণ নেই। কাজের দিক থেকে দেখতে গেলে, নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে ফের দেখা যাবে অমিতাভকে। প্রথম পর্বে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসানের সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, যা বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। বয়স যে নিছকই একটা সংখ্যা, তা তিনি পর্দায় বারবার প্রমাণ করে চলেছেন।
