
জীতু কমল (Jeetu Kamal) এবার ‘বিগ বস বাংলা’-র ঘরে! ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে পা রাখলেন সকলের পরিচিত এই অভিনেতা। আর ঘরে ঢোকার মুখেই সঞ্চালক সৌরভ গাঙ্গুলির কাছ থেকে পেলেন এক বিশেষ বার্তা। একেবারে চেনা মেজাজে সৌরভ তাঁকে পরিষ্কার বুঝিয়ে দিলেন, এই খেলা মোটেও সহজ নয়। এখানে টিকে থাকতে হলে লড়তে হবে সেয়ানে সেয়ানে।
সৌরভের কড়া সাবধানবাণী
মঞ্চে জীতুকে ‘অপরাজিত’ বলে স্বাগত জানান সৌরভ। তবে প্রশংসার পাশাপাশি তিনি জীতুকে মনে করিয়ে দেন যে, ঘরের ভেতরে জয়িতা ও ঝিলমের সঙ্গে তাঁর কড়া টক্কর হতে চলেছে। আগে থেকেই ঘরে এন্ট্রি নিয়েছেন আরেক ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে। তাঁর সঙ্গেও জীতুর প্রতিযোগিতা বেশ জমজমাট হবে বলে আভাস দেন সঞ্চালক। সৌরভের স্পষ্ট কথা, বিগ বসের ঘরে মুখ বন্ধ রাখলে চলবে না। নিজের কথা এবং নিজের মত জোর গলায় সবার সামনে তুলে ধরতে হবে।
কী বললেন জীতু?
জীতুও কিন্তু সহজে চুপ থাকার পাত্র নন। সঞ্চালকের কথার উত্তরে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, তিনি অন্যায়ের প্রতিবাদ করতে কখনও পিছপা হন না। জীতুর মতে, ভাল মানুষরা এখনও প্রতিবাদ করেন বলেই এই পৃথিবীটা সুন্দর আছে। অর্থাৎ, ঘরে ঢুকে যে তিনি চুপচাপ এক কোণে বসে থাকবেন না, তা তিনি আগেই স্পষ্ট করে দিয়েছেন। কারও সঙ্গে কোনও অন্যায় হতে দেখলে যে তিনি গর্জে উঠবেন, সেই ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন।
সোজা ডাস্টবিনে কারা?
ঘরে ঢোকার আগে জিতুকে একটি মজার খেলা দেন সৌরভ। খেলার নিয়মটা ছিল বেশ সোজা। প্রতিযোগীদের ছবি দেখে জীতুকে বাছতে হবে, কাকে তিনি নিজের বন্ধু হিসেবে কাছে রাখবেন, আর কাকে বাতিল করে ফেলবেন সোজা ডাস্টবিনে! শুরুতেই ডাস্টবিনের টিকিট পেলেন ভরত কল, দুর্নিবার, সোহিনী আর জয়িতা। তবে আসল চমক তো অন্য জায়গায়! আলেকজান্দ্রিয়ার সঙ্গে আগে একসঙ্গে কাজ করেছেন জীতু। তা সত্ত্বেও তাঁর ছবি অবলীলায় ডাস্টবিনে ফেলে দিলেন অভিনেতা! বাদ পড়লেন না রাজবীর, নন্দিনী বা মনামীও। তবে সব থেকে অদ্ভুত কাণ্ড হল সায়কের ছবি তোলার সময়। সায়কের ছবিটা হাতে নিতেই ইচ্ছাকৃতভাবে ফেলে দেন জীতু । অভিনেতা তো স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করে বলে ওঠেন, “ওরে বাবা! একে টাচ করলেই বিপদ।” অবস্থা বেগতিক বুঝে সঞ্চালক সৌরভ অবশ্য চট করে কথার মোড় ঘুরিয়ে দেন অন্য দিকে।
কাদের ছবি সযত্নে রাখলেন জীতু?
তবে শুধু ডাস্টবিনে ফেলাই নয়, বেশ কয়েকজনের ছবি কিন্তু নিজের কাছে বেশ সযত্নে রেখেও দিয়েছেন জীতু। তনুশ্রী, সৃজলা, ঝিলম, নিরঞ্জন আর সোনামণি, এঁরা সবাই জীতুর গুড বুকে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তবে আলাদা করে বলতে হয় দীপেন্দুর কথা। জীতু সৌরভকে বেশ শান্ত গলায় জানালেন, দীপেন্দু তাঁর খুব প্রিয় একজন খেলোয়াড়। বিগ বসের ঘরে যেভাবে কোনও ঝগড়াঝাঁটি ছাড়া ঠান্ডা মাথায় দীপেন্দু কাজ করছেন, তা জীতুর বেশ মনে ধরেছে। তাই তাঁর ছবিটা নিজের কাছেই রেখে দিলেন অভিনেতা।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ঘরে ঢোকার আগেই জীতু নিজের ছক বেশ ভালো করে কষে ফেলেছেন। কার সঙ্গে কেমন সমীকরণ হতে চলেছে, তার একটা জম্পেশ ট্রেলার তো দেখাই গেল। এবার আসল খেলা কেমন জমে, টিভির পর্দায় এখন সেটাই দেখার অপেক্ষা!