Bigg Boss Bangla: ‘স্যানিটারি প্যাড পড়ে রয়েছে তো কী হয়েছে?’ জয়িতা ব্যাগ ছুড়ে ফেলতেই বিগ বসের ঘরে হুলুস্থুল কাণ্ড

Bengali Reality Show: খাঁচাবন্দি তনুশ্রীকে বাগে আনতে শেষমেশ তাঁর ব্যক্তিগত জিনিসে হাত! রাজবীরের চতুর চালে পা দিয়ে বিগ বসের ঘরে চরম বিতর্কের মুখে পড়লেন জয়িতা। তনুশ্রীর টয়লেট্রি ব্যাগ ছুড়ে ফেলতেই মেঝেতে ছড়িয়ে পড়ল স্যানিটারি প্যাড। এই ঘটনায় সৃজলা, মনামী থেকে শুরু করে ক্ষোভে ফেটে পড়লেন গোটা ঘরের সদস্যরা। তবে কি নিজের খেলায় জয়িতাকে শুধুই ঘুঁটি বানালেন রাজবীর? কী ঘটেছে?

Bigg Boss Bangla: স্যানিটারি প্যাড পড়ে রয়েছে তো কী হয়েছে? জয়িতা ব্যাগ ছুড়ে ফেলতেই বিগ বসের ঘরে হুলুস্থুল  কাণ্ড
কী ঘটে?

Sep 10, 2026 | 12:02 PM

তনুশ্রীকে খাঁচার বাইরে আনতেই হবে, আর তার জন্যই রাজবীরের দাওয়াই, উস্কানি। জয়িতাকে রীতিমতো তাতিয়ে রাজবীরের স্পষ্ট পরামর্শ, তনুশ্রীকে এমনভাবে খেপিয়ে তুলতে হবে যাতে ও খাঁচা থেকে বেরিয়ে আসে। শুধু তাই নয়, জয়িতার রাগ ভাঙিয়ে তাঁর হাত দিয়েই তনুশ্রীর জামাকাপড় ও জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার নিদান দেন তিনি। বলেন, “সব রাগ গিয়ে তনুশ্রীর উপর দেখাও, বাকিটা পরে একসঙ্গে মিটিয়ে নেব।”

উস্কানি পেতেই আর দেরি করেননি জয়িতা। গেমের ঘরে ঢুকে তনুশ্রীর তোপের মুখে পড়তেই তিনি মেজাজ হারান। তনুশ্রী কটাক্ষ করতেই নিজের ক্ষোভ উগরে দিয়ে তনুশ্রীর টয়লেট্রি ব্যাগ সটান বাইরে ছুড়ে ফেলে দেন জয়িতা। ব্যাগে স্যানিটারি ন্যাপকিনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে মনামী বাধা দেওয়ার চেষ্টা করলেও জয়িতা কারও কথা শোনেননি।

মেঝেতে ব্যক্তিগত সামগ্রী পড়ে থাকতে দেখে মনামী সঙ্গে সঙ্গে তা গোছাতে এগিয়ে যান। খাঁচায় বন্দি তনুশ্রী তখন ক্ষোভে ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলতে থাকেন, কেউ যেন তাঁর জিনিসে হাত না দেন। কিন্তু সেই বারণ উপেক্ষা করেই মনামী তা গুছিয়ে দেন। তবে মনামীর ব্যাগ গোছানোরও প্রতিবাদ করেন তনুশ্রী। মনামী জানান স্যানিটারি প্যাড পড়েছিল তাই তিনি গুছিয়ে দেন। উত্তরে তনুশ্রী বলেন, ‘স্যানিটারি প্যাড পড়ে রয়েছে তো কি হয়েছে? ওটা সবার প্রয়োজন, সবাই এই বিষয়ে জানেন, সব মেয়েদেরই লাগে”।   এই ঘটনায় ঘরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। ভরত, সোহিনী, সৃজলা একযোগে জয়িতার আচরণের তীব্র প্রতিবাদ জানান। পরে দিপেন্দুকেও প্রতিবাদ করতে দেখা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হতেই নিজের চাল পরিষ্কার করেন রাজবীর। বুক ফুলিয়ে জানিয়ে দেন, এটা নাকি তাঁর ‘গেম প্ল্যান’ ছাড়া আর কিছুই ছিল না। তাঁর এই বক্তব্যে ঘরের বাকিরা আরও বিরক্ত হন। সৃজলা সরাসরি গিয়ে জয়িতাকে সতর্ক করে বলেন, “রাজবীর আড়ালে থেকে তোমাকে দিয়ে সব করাচ্ছে। মুখ পুড়ছে তোমার। স্যানিটারি ন্যাপকিন ফেলে এই তুলকালামের পর তোমার সম্মানটাই নষ্ট হল।” মনামীও জয়িতাকে বুঝিয়ে বলেন, তাঁকে স্রেফ হাতের পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে ঘরের বাকি সদস্যদের সঙ্গে রাজবীরের সংঘাত এখন চরমে। ক্যাপ্টেন্সি টাস্কে গ্রামের মোড়ল সেজে তিনি যখন নিজের নিয়ম চালাচ্ছিলেন, তখন তনুশ্রী ও নিরঞ্জনরা ক্ষোভে ফেটে পড়েন। ঘরের সবাইকে ‘ভেড়া’ এবং ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে কটাক্ষ করতেই আসরে নামেন শান্ত স্বভাবের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সায়ক। তবে বাইরে দর্শকদের কিন্তু এই ড্রামা দারুণ পছন্দ হচ্ছে। অনেকের মতেই, ঘরে এতদিন যে সাজানো গোছানো শান্তি ছিল, রাজবীর এসে সেটা এক নিমেষে ভেঙে আসল লড়াইয়ের মেজাজ ফিরিয়ে এনেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us