Bigg Boss Bangla: জীতু পা রাখতেই রাজবীরের মেজাজ গরম! ভয় পাচ্ছেন?

Jeetu Kamal: বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রাখলেন জীতু কামাল। আর এন্ট্রি নিতেই রাজবীরের সঙ্গে শুরু হয়ে গেল জোর টক্কর! মেজাজ হারালেন রাজবীর। কী ঘটেছে? জানতে পড়ুন বিস্তারিত।

Bigg Boss Bangla: জীতু পা রাখতেই রাজবীরের মেজাজ গরম! ভয় পাচ্ছেন?
কী ঘটেছে দুজনের মধ্যে?

Sep 14, 2026 | 10:29 AM

শনি-রবিবার মানেই বিগ বসের ঘরে ‘দাদার দরবার’। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই দরবার মানেই যেমন টানটান উত্তেজনা, তেমনই চমকের পর চমক! চলতি সপ্তাহে এলিমিনেশনের তালিকায় ছিল বেশ কয়েকটি পরিচিত মুখ, সৃজলা গুহ, দুর্নিবার সাহা, দীপেন্দু বিশ্বাস এবং জয়িতা। তবে দর্শকের রায়ে শেষরক্ষা হল না জয়িতার। সরাসরি জয়িতার নাম ঘোষণা করে ঘর থেকে তাঁর বিদায়ের বার্তা জানিয়ে দিলেন স্বয়ং সৌরভ। তবে চমকের আসল ধামাকা তো তখনও বাকি! জয়িতা বিদায় নিতেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বস-এর ঘরে রাজকীয় মেজাজে পা রাখলেন জীতু কমল। আর তাতেই এক লহমায় যেন ঘরের সমীকরণ পুরোপুরি বদলে গিয়েছে।

জীতু হাউজে পা রাখতেই একেবারে হইচই পড়ে যায়। ভরত কল থেকে শুরু করে অ্যালেক্স, প্রত্যেকেই ছুটে এসে তাঁকে জাপটে ধরেন। সৌরভের সামনে সায়কের ছবি দেখে আঁতকে উঠে সেই ছবি ফেলে দিলেও, বিগ বস-এর ঘরের অন্দরমহলে ঢুকে কিন্তু সায়ককেও উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দিতে কসুর করেননি জীতু। তবে এই খুশির আবহেও একটা চাপা উত্তেজনা স্পষ্ট। কারণ বিগ বসের ঘরে জীতুর এন্ট্রি মানেই শক্তিশালী প্রতিযোগীদের কাছে একটা বড় অ্যালার্ম। আর সেই অ্যালার্মের শব্দটা সবচেয়ে বেশি বেজেছে রাজবীরের কানে। নতুন এই হেভিওয়েট প্রতিযোগীকে দেখে রীতিমতো চিন্তার ভাঁজ তাঁর কপালে।

বিগ বসের ঘরে এমনিতেই রাজবীর একজন ‘আলফা মেল’ হিসেবে পরিচিত। কিন্তু জীতু আসতেই যে সেই রাজত্বে ভাগ বসতে চলেছে, সেটা বুঝতে খুব একটা সময় লাগেনি তাঁর। আর সেই রেষারেষির প্রথম ঝলক দেখা গেল জীতু ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই। রাজবীরের পেটানো চেহারার প্রশংসা করে হঠাৎই তাঁর সঙ্গে পাঞ্জা লড়তে চান জীতু। নিছক মজা করেই রাজবীরের হাত ধরে টান দেন তিনি। আর তাতেই একেবারে খচে যান রাজবীর! বিরক্ত হয়ে জীতুকে সোজা প্রশ্ন ছুঁড়ে দেন, “এ কী! হাত ধরে টানছ কেন? আমি কি বলেছি তোমাকে আমাকে টানতে?”

জীতু এই মেজাজ দেখে খানিক অবাক হলেও, নিজের দিক থেকে পরিস্থিতি শান্ত রাখতে চেয়েছিলেন। মজা করেই পুরো বিষয়টা সামলে নিতে চান। কিন্তু রাজবীর তো এত সহজে ছাড়ার পাত্র নন! রীতিমতো কড়া এবং কাটা কাটা গলায় তিনি বলে ওঠেন, “হবে হবে। সব হবে। বিগ বস পাঞ্জা লড়ার ব্যবস্থা করে দেবে। এত তাড়া কীসের?”

অবশ্য ঝগড়ার এই প্রাথমিক রেশ কাটার পর এই দুই হেভিওয়েট প্রতিযোগীকে পাশাপাশি বসে ঘরের নিয়মকানুন নিয়েও আলোচনা করতে দেখা যায়। রাজবীর বেশ যত্ন নিয়েই নতুন সদস্য জীতুকে গেম প্ল্যান বুঝিয়ে দেন। আলোচনার শেষে দু’জনের মুখেই শোনা যায় আসল যোদ্ধার সুর, “লড়াকু প্রতিযোগীকে আউট করে কোনও মজা নেই, তাঁকে টিকিয়ে রেখে লড়ে খেতাব জিতলেই আসল মজা!”

জয়িতার বিদায়ের রেশ কাটতে না কাটতেই জীতু-রাজবীরের এই সম্ভাব্য মহাযুদ্ধ বিগ বসের ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। অনেকেই মনে করছেন জীতু আসাতেই ভয় পাচ্ছেন রাজবীর। দুজনেই যখন মুখোমুখি ময়দানে, তখন আগামী পর্বগুলো যে আরও অগ্নিগর্ভ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!

Loading...
Unable to load recommendations.
Follow Us