Bigg Boss Bangla: বিছানায় কলার খোসা! ‘ফাইনাল পর্যন্ত যেত দেব না!’ রাজবীরকে হুমকি জীতুর, হাতাহাতি পরিস্থিতি!
Jeetu Kamal Rajbeer Dey Bigg Boss Bangla: রাজবীরের সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে জীতু কামাল স্বীকার করে নেন যে, খোসাটি তাঁর হাত থেকেই ভুলবশত পড়ে গিয়েছে। তবে এতে ক্ষোভ কমেনি রাজবীরের। তিনি উল্টে প্রশ্ন তোলেন, হাত থেকে পড়লে তা সরাসরি তাঁর বিছানার ওপরই কেন পড়ল? জবাবে জীতুও বেশ চাঁচাছোলা সুরেই জানতে চান, রাজবীর কি এখনই সেই বিছানায় শুতে যাচ্ছেন নাকি?

‘বিগ বস বাংলা’-র ঘর মানেই অশান্তি, কাদা ছোড়াছুড়ি আর হাই-ভোল্টেজ ড্রামা! তবে এবার ঝগড়ার নেপথ্যে বড় কোনও গেম প্ল্যান বা লড়াই নয়, বরং একটি কলার খোসা! বিছানায় ফেলে রাখা কলার খোসাকে কেন্দ্র করে ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ জীতু কামাল ও রাজবীর দে-র মধ্যে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের বিছানায় কলার খোসা পড়ে থাকতে দেখে চরম ক্ষুব্ধ হন রাজবীর। সোজা খোসাটি হাতে তুলে নিয়ে পুরো ঘরের সদস্যদের কাছে গর্জে উঠে প্রশ্ন করেন—‘এটা কার কাজ?’ রাজবীরের সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে জীতু কামাল স্বীকার করে নেন যে, খোসাটি তাঁর হাত থেকেই ভুলবশত পড়ে গিয়েছে। তবে এতে ক্ষোভ কমেনি রাজবীরের। তিনি উল্টে প্রশ্ন তোলেন, হাত থেকে পড়লে তা সরাসরি তাঁর বিছানার ওপরই কেন পড়ল? জবাবে জীতুও বেশ চাঁচাছোলা সুরেই জানতে চান, রাজবীর কি এখনই সেই বিছানায় শুতে যাচ্ছেন নাকি?
কথা কাটাকাটি দেখতে দেখতেই তীব্র আকার ধারণ করে। পরিস্থিতির উত্তাপ এতটাই বাড়ে যে একে অপরের দিকে আঙুল তুলে তেড়ে যান জীতু ও রাজবীর। রাজবীরকে সোজা চ্যালেঞ্জ ছুড়ে জীতু বলেন, এটা ‘বিগ বস’-এর ঘর বলে রাজবীর এত কথা বলতে পারছেন, বাইরের জগৎ হলে ছবিটা অন্য হত! অন্যদিকে বিন্দুমাত্র পিছু না হটে রাজবীরও জীতুকে কড়া ভাষায় অপমান করে বসেন। তাঁর সাফ কথা—এই শো-তে আসার আগে তিনি নাকি জীতু কামাল কে, তা জানতেনই না!
অপমানের মুখে জীতুর শেষ হুঙ্কার—”তুই যদি এই আচরণ চালিয়ে যাস, তোকে ফাইনাল অবধি আমি কিছুতেই যেতে দেব না।” এখন দেখার, কলার খোসা দিয়ে শুরু হওয়া এই ঝামেলা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং দুজনের এই লড়াই আগামীদিনে শো-এর সমীকরণ কীভাবে বদলে দেয়!
ঘরের এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই নন্দিনী ও দুর্নিবারের ঝগড়াও সমানভাবে নজর কেড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুর্নিবারকে তীব্র কটাক্ষ করছেন নন্দিনী। নন্দিনীর দাবি, দুর্নিবার নাকি সবসময় ইচ্ছাকৃতভাবে দুর্বল প্রতিযোগীদের সঙ্গে ঘোরাফেরা ও মেলামেশা করেন। আর এটাই নাকি খেলা জেতার জন্য দুর্নিবারের আসল ‘গেম প্ল্যান’! নন্দিনীর এই মন্তব্যের পর ঘরের ভেতরে যে গোষ্ঠীকোন্দল আরও একধাপ বাড়ল, তা বলাই বাহুল্য।
