
উইকেন্ডের এপিসোড মানেই টানটান উত্তেজনা আর চরম নাটকীয়তা! ‘বিগ বস বাংলা’র অন্দরমহলও তার ব্যতিক্রম নয়। সারা সপ্তাহ ধরে ঝগড়া, মান-অভিমান আর গসিপের পর সপ্তাহান্তে দর্শকদের চোখ থাকে ‘দাদার দরবার’-এর দিকে। কারণ, সেখানেই হয় আসল ফয়সালা। এবারও তার অন্যথা হল না। সব জল্পনার অবসান ঘটিয়ে দর্শকদের মতামতের ভিত্তিতে বিগ বসের ঘর থেকে পাকাপাকিভাবে বিদায় নিলেন জয়িতা চট্টোপাধ্যায়। কিন্তু কেন আচমকা ছিটকে গেলেন এই প্রতিযোগী?
এদিন শুরুতেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের কড়া বার্তা দেন। তাঁর সাফ কথা, “খেলাটা মনে রাখতে হবে পুরোপুরি নিজেদের। অন্য কাউকে যতই পছন্দ হোক না কেন, ময়দানে নিজের জন্যই খেলতে হবে।” এলিমিনেশন রাউন্ডে কে বাদ পড়তে পারেন? দাদার এই প্রশ্নের উত্তরে রীতিমতো বিভক্ত হয়ে যায় বিগ বসের ঘর। দীপেন্দু বিশ্বাসের স্পষ্ট মত ছিল, জয়িতারই বেরিয়ে যাওয়া উচিত। তাঁর সঙ্গে সুর মেলান ঝিলম, নিরঞ্জন এবং সায়কও। অন্যদিকে ভরত কল, রাজবীর দে, নন্দিনী ও মনামী আবার আলেকজান্দ্রিয়া বা অ্যালেক্সের নাম নেন। আবার সোহিনী ও সোনামণি মনে করেছিলেন দুর্নিবার সাহার বিদায় নেওয়া উচিত।
অ্যালেক্স চলে যেতে পারেন, এই ভেবে আগে থেকেই ভয়ে কাঁটা হয়ে ছিলেন সোহিনী। অ্যালেক্স সবসময় তাঁর কথা শোনেন, দুজনের মধ্যে একটা দারুণ বন্ডিং তৈরি হয়েছে। তাই অ্যালেক্স ছিটকে গেলে তাঁর মন ভীষণ খারাপ হবে বলে জানান তিনি। অন্যদিকে, দুর্নিবার বেরিয়ে গেলে ঝিলম যে খুব কষ্ট পাবেন, সেটাও এদিন তাঁদের কথায় স্পষ্ট হয়ে যায়।
তবে এত টেনশনের মাঝেও বিগ বসের ঘর মেতে ওঠে হাসিমজায়। থমথমে পরিবেশ কাটাতে জয়িতার সঙ্গে এক মজার খেলায় মাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিয়ম ভারী সোজা, দাদা যা বলবেন, জয়িতাকে তার ঠিক উল্টোটা বলতে হবে! এই খেলায় ভরত কল আবার জয়িতাকে পিছন থেকে সাহায্য করতে থাকেন। মজার ছলে সৌরভ একটা বাক্য দেন, ‘আমার জীবনে তোমার কোনও অস্তিত্ব নেই!’ এবার জয়িতা মাথা খাটিয়ে একেবারে সঠিক উত্তর দেন।
প্রসঙ্গক্রমে চলে আসে পুরনো এক গসিপ। এর আগে দুর্নিবারের সঙ্গে বচসায় জড়িয়ে রেগে গিয়ে জয়িতা বলেছিলেন, ‘তোমার জীবনে আমার কোনও অস্তিত্ব নেই!’ যা নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো হাসির রোল উঠেছিল। সেই চর্চিত মুহূর্তটাই আরও একবার উসকে দিলেন দাদা। যা শুনে সবাই হাসিতে ফেটে পড়েন। পরিস্থিতি আরও কিছুটা হালকা করতে রাজবীরকেও একটি মজার টাস্ক দেন সৌরভ। নাচ-গানে সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে গোটা এপিসোড।
কিন্তু সব হাসিমজার শেষেই ঘনিয়ে আসে সেই কঠিন মুহূর্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন, বিগ বসের ঘর থেকে দর্শকদের ভোটে এবার আউট জয়িতা। নেটিজেনদের মতে, ঘরে প্রথম দিন থেকেই নানা মন্তব্যে বিতর্ক তৈরি করেছেন তিনি। কখনও অন্যান্য প্রতিযোগীর সঙ্গে তাঁর বচসা হয়েছে, আবার কখনও অকারণে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন। হয়তো দর্শকদের মন জয় করতে এই মেজাজটাই বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, ঘরের ভিতরের সমীকরণেও তিনি অনেকেরই চক্ষুশূল হয়ে উঠেছিলেন। দীপেন্দু থেকে শুরু করে ঝিলমরাও তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন। সব মিলিয়ে পরিস্থিতি তাঁর প্রতিকূলেই গিয়েছে। তাঁর এই বিদায়ে বিগ বসের অন্দরে সমীকরণ এবার ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।