AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netflix’s upcoming Pakistani series: নেটফ্লিক্সের পাক সিরিজ নিষিদ্ধ করার দাবি নিয়ে মোদীকে চিঠি, পাকিস্তান থেকে পাল্টা এল বার্তা

Pakistani series Jo Bachay Hain Sang Samait Lo: এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠি দিয়েছে সংগঠনটি। অন্যদিকে, ভারতে নিষেধাজ্ঞার দাবির সমালোচনা করে শিল্প ও সংস্কৃতিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির মুক্তি পাওয়ার কথা।

Netflix's upcoming Pakistani series: নেটফ্লিক্সের পাক সিরিজ নিষিদ্ধ করার দাবি নিয়ে মোদীকে চিঠি,  পাকিস্তান থেকে পাল্টা এল বার্তা
| Updated on: Nov 26, 2026 | 1:57 PM
Share

নেটফ্লিক্সে প্রথমবার কোনও পাকিস্তানি সিরিজ়ের মুক্তির আগেই তৈরি হল তীব্র বিতর্ক। আসন্ন ওয়েব সিরিজ় ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই ভারতে এটি প্রদর্শন বন্ধ করার দাবি জানাল ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠি দিয়েছে সংগঠনটি। অন্যদিকে, ভারতে নিষেধাজ্ঞার দাবির সমালোচনা করে শিল্প ও সংস্কৃতিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির মুক্তি পাওয়ার কথা।

‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ সিরিজ়ে অভিনয় করেছেন ফওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ, অহদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির এবং হামজা আলি আব্বাসি। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই সিরিজ়ের প্রথম ঝলক সামনে আসতেই শুরু হয় আপত্তি ও বিতর্ক।

সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এআইসিডব্লিউএ জানিয়েছে, সিরিজটি যেন ভারতে মুক্তি না পায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, “সন্ত্রাসবাদের কোনও উদ্‌যাপন হতে পারে না। সবার আগে দেশ।” পাশাপাশি আরও দাবি করা হয়েছে, “পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সে দেশের সিরিজ, ছবি, গান, পডকাস্ট কিংবা অন্য কোনও ধরনের বিনোদনমূলক বিষয়বস্তুর জায়গা ভারতীয় পর্দায় হতে পারে না।”

সংগঠনের দাবি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওটিটি এবং অন্যান্য প্ল্যাটফর্মকে পাকিস্তানের বিনোদন ও শিল্প প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানি বিনোদন সামগ্রীর ওপর বিধিনিষেধ আরোপ হয়েছিল এবং পরবর্তীতে পহলগাম জঙ্গি হামলার পর সেই অবস্থান আরও কড়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

ভারতে সিরিজটি নিষিদ্ধ করার দাবির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল। তাঁর বক্তব্য, শিল্প ও সংস্কৃতিকে অরাজনৈতিক রাখা উচিত। এদিকে আগামী ৪ ডিসেম্বর আন্তর্জাতিক স্তরে সিরিজ়টি মুক্তি পাওয়ার কথা থাকলেও ভারতে এটি আদৌ দেখা যাবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। ফলে ভারতের দর্শকদের কাছে সিরিজটির মুক্তি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Follow Us