
বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে খেলা ঘোরে প্রতি মুহূর্তে। কে কখন বন্ধু হয়, আর কে শত্রু, তা বোঝা বড়ই কঠিন! তবে এবার সিক্রেট রুম থেকে নন্দিনী দত্ত (Nandini Dutta) ফিরে আসতেই ঘরের হাওয়া একেবারে বদলে গিয়েছে। চমকের পর চমক! সবথেকে বড় ধাক্কাটা বোধহয় খেয়েছেন নন্দিনীর প্রেমিক রাজবীর দে। প্রেমিকাকে কাছে পেয়ে যেখানে খুশি হওয়ার কথা, সেখানে রাজবীর নাকি একেবারেই খুশি নন!
কী ঘটেছে বিগ বসের ঘরে?
অনেকেরই মনে হয়েছে, নন্দিনী না থাকায় রাজবীর নিজের মতো করে গেমটা খেলছিলেন। বাকিদের সঙ্গে আড্ডাও দিচ্ছিলেন জমিয়ে। তনুশ্রী রায় দাস তো বলেই দিয়েছেন, রাজবীর আর নন্দিনীর সম্পর্ক নাকি শুধুই গেমের অংশ! সৌরভ দাসেরও দাবি, নন্দিনী না থাকায় রাজবীর একা অনেক ভালো খেলছিলেন। সবার সঙ্গে মিশতেও পারছিলেন। সৌরভ জানান, রাজবীর নিজেই তাঁকে বলেছিলেন, নন্দিনী রেগে যান বলে তিনি কারও সঙ্গে কথা বলতে পারতেন না।
আর নন্দিনী ফেরার পর? রাজবীর অন্য মেয়েদের প্রশংসা করায় দুজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। রাজবীর বারবার সাফাই দিলেও নন্দিনী তাঁকে ছুঁতে পর্যন্ত দেননি। রাগের মাথায় রাজবীর বলেই ফেলেন, “আমি অনেক শান্তিতে ছিলাম। এসে আমার মাথা আবার খারাপ করে দিল। শুধু শুধু ভাব দেখাচ্ছে।” এখন দর্শকরা মুখিয়ে আছেন এটা দেখতে যে, তাঁদের এই সমীকরণ কি ভাঙনের দিকে এগোবে, নাকি অভিমান মিটে গিয়ে আবার দুজনে এক হবেন?
তবে বিগ বসের ঘরে খালি হাতে ফেরেননি নন্দিনী। তাঁর হাতে তুলে দেওয়া হয় তিনটি বিশেষ ক্ষমতা। আর এসেই তিনি করেন ডাবল ধামাকা! প্রথম ক্ষমতার জাদুতে তিনি জিতু কমল, সৃজলা গুহ এবং নিরঞ্জন মণ্ডলের মতো প্রতিযোগীদের খারাপ দিকগুলো সবার সামনে তুলে ধরেন। দ্বিতীয় ক্ষমতার সাহায্যে তিনি বেছে নেন পরবর্তী ক্যাপ্টেন। ভোটাভুটিতে জিতু ও সৃজলা বাদে বাকি সবার ভোট পেয়ে বিগ বসের বাড়ির নতুন ক্যাপ্টেন হন সৌরভ দাস।
সবথেকে বড় বোমাটা নন্দিনী ফাটান তৃতীয় ক্ষমতা ব্যবহার করে। তিনি সরাসরি নমিনেট করেন একসময়ের কাছের বন্ধু মনামী ঘোষকে! মনামীকে সটান ‘বিশ্বাসঘাতক’ বলেন নন্দিনী। তাঁর দাবি, মনামী নাকি কেবল ফুটেজ পাওয়ার জন্যই রাজবীরের সঙ্গে থাকতেন। নন্দিনী ফেরায় মনামী খুশি হননি, শুধুই ভালো সাজার অভিনয় করেছেন।
মনামীও চুপ করে থাকার পাত্রী নন। তিনি কড়া জবাবে জানিয়ে দেন, বেরিয়ে যাওয়া কেউ ফিরে এলে গেম আরও কঠিন হয়ে যায়, তাই তাঁর অমন রিঅ্যাকশন হওয়াটাই স্বাভাবিক। মনামী স্পষ্ট বলেন, বাইরে থাকলে তিনি নন্দিনীর থেকে ৭-১০ হাত দূরে থাকতেন। কারণ, নন্দিনী ভীষণ নেগেটিভিটি ছড়ান। দুই কাছের বন্ধুর এই ফাটল এখন বিগ বসের ঘরের নতুন চর্চার বিষয়।