ইরফানের মৃত্যুর পর তাঁর জায়গা নিচ্ছেন নওয়াজ? বিস্ফোরক অভিনেতা

নওয়াজুদ্দিনের মতে, আজকের দিনে দাঁড়িয়ে বহু অভিনেতা বা পরিচালক সাফল্যের কৃতিত্ব ভাগ্যকে দিয়ে দেন। কিন্তু নওয়াজের লড়াইটা ছিল অন্যরকম। তিনি মনে করেন, ভাগ্য বলে কিছু নেই, তাঁর সাফল্যের কারণ কঠোর পরিশ্রম আর নিরন্তর অনুশীলন। অভিনেতার কথায়, "আমি ধাপে ধাপে এগোতে চেয়েছি। একটা কাজ করেছি বলেই পরের কাজের সুযোগ এসেছে।

ইরফানের মৃত্যুর পর তাঁর জায়গা নিচ্ছেন নওয়াজ? বিস্ফোরক অভিনেতা
Image Credit source: youtube

Mar 15, 2026 | 1:04 PM

বলিউড মানেই শুধু গ্ল্যামার আর ভাগ্য নয়। এর পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর লড়াইয়ের গল্প। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের কেরিয়ার আর ব্যক্তিগত দর্শন নিয়ে অকপট কথা বললেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র এই প্রাক্তনী সাফ জানিয়ে দিলেন, সাফল্যের পেছনে ‘লাক’ বা ভাগ্যের ভূমিকায় তিনি বিশ্বাসী নয়।

নওয়াজুদ্দিনের মতে, আজকের দিনে দাঁড়িয়ে বহু অভিনেতা বা পরিচালক সাফল্যের কৃতিত্ব ভাগ্যকে দিয়ে দেন। কিন্তু নওয়াজের লড়াইটা ছিল অন্যরকম। তিনি মনে করেন, ভাগ্য বলে কিছু নেই, তাঁর সাফল্যের কারণ কঠোর পরিশ্রম আর নিরন্তর অনুশীলন। অভিনেতার কথায়, “আমি ধাপে ধাপে এগোতে চেয়েছি। একটা কাজ করেছি বলেই পরের কাজের সুযোগ এসেছে। কোনো জাদুবলে আমি রাতারাতি তারকা হয়ে যাইনি।” যারা নতুন কাজ শিখতে আসছেন, তাঁদের উদ্দেশ্যে নওয়াজের পরামর্শ ভাগ্যের ভরসায় বসে না থেকে বরং নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ক্যামেরার সামনে দাঁড়ালে কেউ উপেক্ষা করতে না পারে।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খানের প্রয়াণের পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, অনেকেই মনে করেন সেই জায়গাটা এখন নওয়াজুদ্দিনেরই। তবে এই তুলনা একেবারেই মানতে নারাজ তিনি। নওয়াজুদ্দিন বলেন, “আমি এখানে কারও জায়গা নিতে আসিনি। আমার নিজের একটা আলাদা লক্ষ্য, পরিশ্রম আছে। আমি নিজের দুর্বলতাগুলো জানি এবং চরিত্রের মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করি।” অন্যের দিকে না তাকিয়ে নিজের প্রতিভাকে নিয়ে এগিয়ে চলাই তাঁর আসল লক্ষ্য, তা তিনি পরিষ্কার করে দিয়েছেন।

নওয়াজের কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘গ্যাংস অফ ওয়াসিপুর’। তার আগে ‘সরফরোশ’-এর মতো ছবিতে সাইড রোলে তাঁকে দেখা গিয়েছে। বর্তমান প্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা— সুযোগ ছোট হোক বা বড়, সেটাকে কাজে লাগাতে হবে। নওয়াজ বলেন, “আজকাল অনেক অভিনেতা বলেন, মাত্র একটা দৃশ্যে কী-ই বা দেখানোর আছে! কিন্তু আমি বিশ্বাস করি, যদি তোমার আত্মবিশ্বাস থাকে, তবে বড় অভিনেতার পাশে দাঁড়িয়ে ওই এক মিনিটের দৃশ্যেই তুমি জনপ্রিয় হতে পারো।”

সামাজিক মাধ্যমে ট্রোলিং বা রাজনৈতিক মতামত নিয়ে প্রশ্ন করা হলে নওয়াজ জানান, তাঁর কাজ অভিনয় করা এবং তিনি সেটুকুতেই মনোনিবেশ করতে চান। অতীতের ‘গণেশ গাইতোন্ডে’ বা ‘ফয়জল খান’-এর সাফল্যে বুঁদ না থেকে তিনি সবসময় ভবিষ্যতের নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসেন।

Follow Us