৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? অবশেষে সবটা জানিয়ে দিলেন অভিনেত্রী
এমন খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। হায়দরাবাদে বিজয় দেবোরকোণ্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের রিসেপশনে নীনার একটি ভিডিও ভাইরাল হতেই এই গুঞ্জনের সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে বিচলিত না হয়ে বরং মজার ছলেই সবটা খোলসা করলেন অভিনেত্রী।

বয়স মাত্রই একটা সংখ্যা— নীনা গুপ্তার ক্ষেত্রে এই কথাটি বারবার সত্যি প্রমাণিত হয়েছে। তবে এবারের জল্পনা ছাপিয়ে গিয়েছে সবকিছুকে। ৬৬ বছর বয়সে অভিনেত্রী অন্তঃসত্ত্বা! এমন খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। হায়দরাবাদে বিজয় দেবোরকোণ্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের রিসেপশনে নীনার একটি ভিডিও ভাইরাল হতেই এই গুঞ্জনের সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে বিচলিত না হয়ে বরং মজার ছলেই সবটা খোলসা করলেন অভিনেত্রী।
বিজয়-রশ্মিকার রিসেপশনে উপস্থিত হয়েছিলেন নীনা গুপ্তা। সেখানে অভিনেত্রীর হাঁটাচলা এবং শারীরিক গঠন দেখে নেটিজেনদের একাংশের দাবি, নীনার ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে। ‘বেদিকা’ নামক এক ইউজার সমাজমাধ্যমে লেখেন, “এটা কি সত্যি? ৬৬ বছর বয়সে প্রেগন্যান্ট! গত দু’দিন ধরে এই খবর দেখছি। জানি না এটা আসল না ভুয়ো, কিন্তু ওঁর পেটটা স্বাভাবিক লাগছে না।” এই পোস্টটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা।
এই জল্পনা নিয়ে সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেসেই খুন অভিনেত্রী। তিনি মজা করে বলেন, “আমার জীবনে এখন এটাই পাওয়া বাকি ছিল— বাস্তবের ‘বাধাই হো’!” তবে হাসির রেশ কাটিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি অন্তঃসত্ত্বা নন।
কেন তাঁকে দেখে এমন মনে হল, তার ব্যাখ্যাও দিয়েছেন নীনা। তিনি বলেন, “কোনও ‘বাধাই হো’ হচ্ছে না। সত্যিটা হল, সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম সেটার কাপড় ছিল খুব মোটা। সেই কারণেই আমাকে একটু ভারী লাগছিল এবং শারীরিক গঠন নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।”
৬৬ বছর বয়সে তাঁর মাতৃত্ব নিয়ে মানুষের এই কৌতূহলকে ইতিবাচকভাবেই দেখছেন অভিনেত্রী। তিনি রসিকতা করে বলেন, “এই বয়সে আমার প্রেগন্যান্সি নিয়ে মানুষের এত আলোচনা আমার বেশ ভালোই লাগছে। এটা দেখে মনে হচ্ছে জাতি হিসেবে আমরা সত্যিই অনেক উন্নত হচ্ছি!”
ব্যক্তিগত জীবনে বরাবরই সাহসী নীনা গুপ্তা। একা হাতে মেয়ে মাসাবাকে বড় করা থেকে শুরু করে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস— সবকিছুতেই তিনি ছক ভেঙেছেন। তবে এবারের মা হওয়ার গুঞ্জন যে কেবলই ‘শাড়ির কারসাজি’, তা তিনি হাসিমুখেই পরিষ্কার করে দিলেন।
