AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: মন খারাপ নিরঞ্জনের! লাফটার সেনের টিমের তরফ থেকে কোন বার্তা এল?

Niranjan Mondal Team Statement Bigg Boss Bangla: গত ৩০ অগস্ট শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুর পর্বে প্রতিযোগীদের তালিকায় ছিলেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল ও দীপেন্দু বিশ্বাসসহ অনেকে।

Bigg Boss Bangla: মন খারাপ নিরঞ্জনের! লাফটার সেনের টিমের তরফ থেকে কোন বার্তা এল?
কী হয়েছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 24, 2026 | 7:54 PM
Share

‘বিগ বস বাংলা’-র ঘরের খেলা ও কৌশল নিয়ে দর্শকদের একাংশের তীব্র আক্রমণের মুখে পড়েছেন প্রতিযোগী ‘লাফটারসেন’ খ্যাত নিরঞ্জন মণ্ডল। ক্রমাগত ট্রোলিং ও বিদ্বেষের আবহে এবার সোশাল মিডিয়ায় মুখ খুলল নিরঞ্জনের টিম। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করে খেলার গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ ও হুমকির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি নীরব সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ট্রোলিং ও ঘৃণা নিয়ে কী লিখল নিরঞ্জনের টিম?

ইনস্টাগ্রামের পোস্টে নিরঞ্জন মণ্ডলের টিমের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাঁদের দিকে যে মাত্রায় ঘৃণা, ট্রোলিং এবং বিদ্বেষ ধেয়ে আসছে, তা অত্যন্ত বেদনাদায়ক। বিবৃতিতে বলা হয়েছে, “ইদানীং আমাদের দিকে যে পরিমাণ ঘৃণা, ট্রোলিং এবং বিদ্বেষ ধেয়ে আসছে, তা সত্যিই মন খারাপ করে দেওয়ার মতো। এই পথচলার মাঝে অনেকেই হয়তো ভুলে যাচ্ছেন যে, দিনের শেষে এটা একটা খেলা। সবার সঙ্গে সবার মিলবে না, সবাই বন্ধু হবে না, এবং সবাই একইভাবে সবকিছু দেখবে না। বিগ বস বিভিন্ন পটভূমি, ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গির মানুষদের এক ছাদের তলায় নিয়ে আসে— আর বাস্তব জীবনের মতোই এখানেও সবার সঙ্গে সবার সংযোগ তৈরি হয় না। আর সেটাই খুব স্বাভাবিক।”

ভিন্নমতের জায়গা স্বীকার করে নিয়ে সমালোচনা ও ঘৃণার পার্থক্য তুলে ধরে টিমের পক্ষ থেকে আরও লেখা হয়, “আপনি কারও খেলার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কারও সিদ্ধান্ত অপছন্দ করতে পারেন বা ভিন্ন মত রাখতে পারেন। কিন্তু সমালোচনা আর ঘৃণার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। খেলার গণ্ডি ছাড়িয়ে যে ব্যক্তিগত আক্রমণ, ট্রোলিং এবং হুমকি দেওয়া হচ্ছে, তা দেখাটা সত্যিই খুব কষ্টের।”

নেতিবাচকতার মাঝেও পাশে থাকা দর্শকদের কথা স্মরণ করে নিরঞ্জনের টিম লিখেছে, “এই সবকিছুর মাঝেও এমন বহু মানুষ আছেন যাঁরা নীরবে নিরঞ্জনকে সমর্থন করে চলেছেন, ভালোবাসা পাঠাচ্ছেন এবং কোনও হইচই না করেই ওর পাশে দাঁড়িয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা শুধু এটাই আশা করি যে, সমস্ত নেতিবাচকতার মাঝেও আপনাদের এই ভালোবাসা ও সমর্থন ওর কাছে ঠিক পৌঁছে যাবে। কারণ শুধুমাত্র নিজের মতো করে থাকার জন্য কারোরই এটা মনে হওয়া উচিত নয় যে পুরো পৃথিবী তার বিরুদ্ধে।”

গত ৩০ অগস্ট শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুর পর্বে প্রতিযোগীদের তালিকায় ছিলেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল ও দীপেন্দু বিশ্বাসসহ অনেকে। অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর ওয়াইল্ড কার্ডে আসেন রাজবীর দে, আর পরবর্তীতে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঢোকেন জিতু কমল।

শোয়ের অগ্রগতিতে একে একে বিদায় নিয়েছেন জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী ও সোহিনী পাল। মাঝে এন্ট্রি নেওয়া অনুষ্কা ঘোষ মাত্র দু’সপ্তাহেই বাদ পড়েন; তার আগেই সপ্তাহের মাঝে বিদায় নেন দীপেন্দু বিশ্বাস। অসুস্থতার কারণে খেলা ছাড়তে হয় ঝিলম গুপ্তকে। এরপর ওয়াইল্ড কার্ডে আসেন সৌরভ দাস ও রণিতা দাস। ২৫ অক্টোবর বাদ পড়েন ভরত কল, ৭ নভেম্বর বিদায় নেন নন্দিনী। দিওয়ালির রাতে কোনও এভিকশন না হলেও গত সপ্তাহে বাদ পড়েন সোনামণি সাহা এবং চলতি সপ্তাহে ঘর ছাড়তে হয়েছে রণিতা দাসকে।

Follow Us