
অনেকেই রোমা চরিত্র ছাড়া ‘ডন’ কল্পনাই করতে পারেননা। আবার ‘কৃষ ৪’ নিয়েও অনেকের মনে একটাই প্রশ্ন প্রিয়া মেহরা কি ফিরবেন? ডন এবং কৃষ ছবির ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া থাকছেন কিনা সেই নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে। জল্পনা আরও বাড়ে যখন দক্ষিণী তারকা মহেশবাবু বলেন “Something’s happening।”
অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন এই মুহূর্তে তিনি কোনও কিছুই নিশ্চিত করে বলতে পারবেন না। তাঁর কথায়, অনেক সময় দর্শকরা অনেক কিছুই ভেবে ফেলেন। অনেকেই ধরে নিয়েছেন এই দুই ছবিতে অভিনেত্রী থাকবেনই, কিন্তু বাস্তবে সবকিছু এত সহজ নয়। স্ক্রিপ্ট, সময়, প্রযোজনা সব মিলিয়েই কোনও ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন কলাকুশলীরা।
যদিও ভক্তরা এখনও আশা রয়েছেন সকলকে চমকে দিয়ে এই দুই ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা। ‘ডন ৩’ নিয়ে আগেই জানা গিয়েছে, এই ছবিতে নতুন প্রজন্মের ডন হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। ফলে প্রশ্ন উঠেছিল পুরনো রোমা কি থাকবেন? আবার অনেকেই মনে করছেন প্রিয়াঙ্কা না থাকলে হয়ত নতুন প্রজন্মের কোনও রোমার দেখা মিলবে বা হয়ত অন্যভাবে ভাবছেন নির্মাতারা।
‘কৃষ’ সিরিজ ছবিপ্রেমীদের আবেগ। ‘কৃষ ৪’ নিয়ে তাই ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। প্রিয়াঙ্কা নিজের ফেরা নিয়ে এক রকম কৌশলী উত্তর দিয়েছেন। না স্বীকার, না অস্বীকার। ফলে নস্টালজিয়ার দরজাটা খোলাই রেখেছেন দর্শকরা।
এই সবের মাঝেই এক অনুষ্ঠানে মহেশ বাবুর মুখ থেকে বেরিয়ে এল সেই রহস্যময় লাইন “Something’s happening.” কার সঙ্গে? কোন প্রজেক্টে? বলিউড না প্যান-ইন্ডিয়া ছবি? কিছুই খোলসা করেননি তিনি। কিন্তু এই মন্তব্যের পর থেকেই অনেকে জল্পনা শুরু করেছেন কৃষ ৪ কি তবে প্যান-ইন্ডিয়া রূপ নিতে চলেছে? দক্ষিণী তারকা কি যুক্ত হচ্ছেন? উত্তর সময় বলবে।