সোমবার বড় কিছু ঘটবে? এক সঙ্গে মাঠে প্রসেনজিৎ-জিৎ!
হ্যাঁ, এমনই কিছু ঘটতে চলেছে। আর তার আভাস মিলবে ৩ ফ্রেব্রুয়ারি, অর্থাৎ সোমবার। শনিবার সেই কৌতুহলই উসকে দিলেন প্রসেনজিৎ ও জিৎ দুজনেই।

সারপ্রাইজ! বরাবরই অনুরাগীদের সারপ্রাইজ দিতে ভালবাসেন, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তা বাস্তব জীবনে হোক কিংবা সিনেপর্দায়। অনুরাগীদের জন্য যে কোনও চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত সবার প্রিয় বুম্বাদা। আর প্রসেনজিতের চ্যালেঞ্জ নেওয়া মানেই বক্স অফিসে হইচই, প্রযোজকের ঘরে লক্ষ্মীলাভ। আর এবার তো সঙ্গে টলিউডের আরেক স্টার জিৎও। একেবারে সোনায় সোহাগা! হ্যাঁ, এমনই কিছু ঘটতে চলেছে। আর তার আভাস মিলবে ৩ ফ্রেব্রুয়ারি, অর্থাৎ সোমবার। শনিবার সেই কৌতুহলই উসকে দিলেন প্রসেনজিৎ ও জিৎ দুজনেই।
কী করলেন দুই তারকা?
পরনে নীল ওয়েস্ট কোট। সাদা শার্ট। প্রসেনজিতের চোখের চাউনিতেই রহস্য। হ্যাঁ, সোশাল মিডিয়ায় এমনই এক ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ। সঙ্গে ক্যাপশানে লিখলেন, ‘নতুন বছর, নতুন আমি, নতুন খবর। চোখ রাখুন নেটফ্লিক্সে।’
ঠিক এমনই স্টাইলে ছবি পোস্ট করেছেন জিৎ। জিতের পরনে রয়েছে কালো হাইনেক এবং সঙ্গে ধূসর রঙের কোট। জিতের চাউনিতেও রয়েছে রহস্য। জিৎ অবশ্য ক্যাপশানে লিখলেন, ‘লাইট, ক্যামেরা, টুডুম… আপনারা একেবারে তৈরি নন, যা আসছে। চোখ থাকুক নেটফ্লিক্সে।’
View this post on Instagram
প্রসেনজিৎ ও জিতের এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই শোরগোল টলিপাড়ায়। তবে শুধু টলিউড নয়, নেটপাড়াতেও প্রসেনজিৎ ও জিতের অনুরাগীরা নানা স্পেকুলেশন শুরু করে দিয়েছেন। অনেকেই মনে করছেন, বলিউড পরিচালক নীরজ পাণ্ডের নতুন সিরিজ ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়েই হয়তো কোনও খবর দেবেন এই সুপারস্টার। মনে করা হচ্ছে, সেই সিরিজেরই প্রথম ঝলক আসবে সামনে। তবে এ ব্যাপারে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন প্রসেনজিৎ ও জিৎ। এবার রহস্য ফাঁস হতে শুধু সময়ের অপেক্ষা।
কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় রঞ্জিত মল্লিকের বাড়িতে এক ফিল্মি আড্ডার ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। যেখানে উপস্থিত ছিলেন, চিরঞ্জিৎ চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবযানী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, দেবদূত ঘোষ। সেই আড্ডায় দেখা গিয়েছিল জিৎকেও। নেটপাড়া কিন্তু সেই আড্ডার সঙ্গেও এই খবরের দুয়ে দুয়ে চার করতে ব্যস্ত। তবে এত কিছু রটলেও, এই সুপারস্টার জুটি একেবারেই স্পিক টি নট।
View this post on Instagram
