AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লর্ডসের মাঠে সৌরভ অবতারে রাজকুমার রাও! কবে থেকে শুরু বায়োপিকের শুটিং?

সৌরভের আগে তিনি প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করেছেন। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর জন্য ‘রোস্টার’ (Roaster) নামক একটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা যাবে। সৌরভের বায়োপিক নিয়ে গত কয়েক বছর ধরে বিটাউনে নানা জল্পনা চলেছে।

লর্ডসের মাঠে সৌরভ অবতারে রাজকুমার রাও! কবে থেকে শুরু বায়োপিকের শুটিং?
| Updated on: Feb 19, 2026 | 3:19 PM
Share

বড় পর্দায় ফিরছেন ‘দাদা’। তবে এবার ব্যাট হাতে নয়, রুপোলি পর্দার মোড়কে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। আর বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও। ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া ‘মালিক’ ছবির পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর পরবর্তী কাজের জন্য। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

কবে এবং কোথায় শুরু হবে শুটিং?

চিত্রপরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি এই বায়োপিকটি পরিচালনা করছেন। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মাস অর্থাৎ মার্চ ২০২৬ থেকেই শুরু হচ্ছে এই মেগা প্রজেক্টের কাজ। ছবির প্রযোজক লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ বাস্তব লোকেশনে শুটিং করার বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সৌরভের জীবনের ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটিয়ে তুলতে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্সে চলবে দীর্ঘ শুটিং। লন্ডন ও কলকাতা ছাড়াও মুম্বইয়ের বেশ কিছু অংশেও ছবির কাজ হওয়ার কথা রয়েছে। বর্তমানে নির্দিষ্ট লোকেশনগুলোতে শুটিং করার অনুমতির প্রক্রিয়া চলছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি রাজকুমার রাওয়ের কেরিয়ারে অন্যতম মাইলফলক হতে চলেছে। মজার বিষয় হল, বর্তমানে অভিনেতার ঝুলিতে রয়েছে জোড়া বায়োপিক। সৌরভের আগে তিনি প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করেছেন। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর জন্য ‘রোস্টার’ (Roaster) নামক একটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা যাবে। সৌরভের বায়োপিক নিয়ে গত কয়েক বছর ধরে বিটাউনে নানা জল্পনা চলেছে। রণবীর কাপুর থেকে শুরু করে আয়ুষ্মান খুরানার নাম উঠে এলেও শেষ পর্যন্ত রাজকুমার রাওকেই ‘দাদা’র চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। ক্রিকেটের নন্দনকানন থেকে শুরু করে লর্ডসের ব্যালকনিতে জামা ওড়ানোর সেই আইকনিক দৃশ্য রাজকুমার কীভাবে ফুটিয়ে তোলেন, তা দেখতে মুখিয়ে আছে গোটা দেশ।

১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে লর্ডসের মাঠে টেস্ট অভিষেক ঘটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অভিষেক ম্যাচেই ১৩১ রানের একটি অনবদ্য ইনিংস খেলে বিশ্ববাসীকে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম খোদাই করে সৌরভ বুঝিয়ে দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটে এক নতুন নক্ষত্রের জন্ম হয়েছে। লর্ডসের ইতিহাসে সৌরভের সবথেকে আলোচিত এবং বিতর্কিত মুহূর্তটি আসে ২০০২ সালের ১৩ জুলাই। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করে ভারত যখন জয় ছিনিয়ে নেয়, তখন লর্ডসের ঐতিহ্যবাহী ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের জার্সি খুলে ঘুরিয়েছিলেন ভারত অধিনায়ক সৌরভ। জানা গিয়েছে, এই সব মুহূর্তই ধরা দেবে বলিউডের পর্দায়।