Bankura: ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, থানায় স্বাস্থ্য কর্মী
Bankura News: মহিলার অভিযোগ, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ বছর ধরে হাসপাতালেরই কোয়ার্টারে নিয়মিত শারীরিক সম্পর্ক করছিলেন অভিযুক্ত। এখন তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য এক মহিলাকে বিয়ের চেষ্টা করছেন। ঘটনার প্রতিবাদ করলে নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন নির্যাতিতা।

বাঁকুড়া: খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। ইতিমধ্যেই ওই ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই হাসপাতালেরই এক মহিলা স্বাস্থ্য কর্মী। ঘটনা বাঁকুড়ার তালডাংরায়। ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগকারী ও অভিযুক্তের কোনও বক্তব্য মেলেনি। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ঘটনা জানার পরই কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সেই তদন্তের রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মহিলার অভিযোগ, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ বছর ধরে হাসপাতালেরই কোয়ার্টারে নিয়মিত শারীরিক সম্পর্ক করছিলেন অভিযুক্ত। এখন তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য এক মহিলাকে বিয়ের চেষ্টা করছেন। ঘটনার প্রতিবাদ করলে নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন নির্যাতিতা। তালডাংরা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হলেও ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি নির্যাতিতা। অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে না থাকায় তাঁর বক্তব্যও মেলেনি।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে অভিযোগ শোনার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাছে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, আরজি করের ঘটনার পরেও হাসপাতাল ও স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। পাশাপাশি রাজ্যের নারী নিরাপত্তা কোন জায়গায় রয়েছে এই ঘটনাই তার প্রমাণ। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল মুখ খুলতে না চাইলেও তৃনমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে আসল ঘটনা নিশ্চয়ই উঠে আসবে।
