AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সমঝোতা নয়, আইনি লড়াইয়ের পথেই রাজপাল! চেক বাউন্স মামলায় কী সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

বুধবার বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়। তবে শুনানির সবথেকে বড় মোড় ছিল রাজপালের অবস্থান। আদালত যখন তাঁকে জিজ্ঞেস করে তিনি বিষয়টি মিটিয়ে নিতে (Settlement) চান কি না, অভিনেতা সটান জানিয়ে দেন যে তিনি আর সমঝোতা করবেন না, বরং সওয়াল-জবাবের মাধ্যমে মামলাটি লড়বেন।

সমঝোতা নয়, আইনি লড়াইয়ের পথেই রাজপাল! চেক বাউন্স মামলায় কী সিদ্ধান্ত নিলেন অভিনেতা?
| Updated on: Mar 19, 2026 | 3:46 PM
Share

চেক বাউন্স মামলায় দিল্লির হাইকোর্টে স্বস্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। বুধবার বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়। তবে শুনানির সবথেকে বড় মোড় ছিল রাজপালের অবস্থান। আদালত যখন তাঁকে জিজ্ঞেস করে তিনি বিষয়টি মিটিয়ে নিতে (Settlement) চান কি না, অভিনেতা সটান জানিয়ে দেন যে তিনি আর সমঝোতা করবেন না, বরং সওয়াল-জবাবের মাধ্যমে মামলাটি লড়বেন।

শুনানির সময় আদালত লক্ষ্য করে যে, রাজপাল যাদব ইতিমধ্যেই অভিযোগকারী সংস্থাকে একটি বড় অঙ্কের অর্থ পরিশোধ করেছেন। বিচারপতি মন্তব্য করেন, “তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। এর আগে তিনি জেলেও ছিলেন। যেহেতু তিনি পালিয়ে যাচ্ছেন না এবং অর্থের একটি বড় অংশ জমা দিয়েছেন, তাই এখনই তাঁকে জেলে পাঠানোর কোনো কারণ দেখছি না।”

আদালত কক্ষ থেকে বেরিয়ে সংবাদসংস্থা এএনআই (ANI)-কে রাজপাল জানান, “পরবর্তী শুনানি ১ এপ্রিল। ভারতের বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। সত্য যেটাই হোক, দুধ কা দুধ আর পানি কা পানি করার আপ্রাণ চেষ্টা করব আমরা।” রাজপালের আইনজীবী এস কে শর্মা জানান, তাঁরা এখন আর সমঝোতার আবেদন না জানিয়ে সরাসরি সওয়াল-জবাবের (Argument) জন্য আবেদন করেছেন।

বিবাদের সূত্রপাত ২০১০ সালে। নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। ২০১৮ সালে চেক ডিসঅনার বা চেক বাউন্সের দায়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। সেই সময় সুদে-আসলে তাঁর দেনার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা।

২০১৮ সালে দণ্ডাদেশের পর ২০১৯ সালেও সেশন কোর্ট সেই রায় বহাল রেখেছিল। এরপর গত ১৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান তিনি। রাজপালের এই কঠিন সময়ে সোনু সুদ ও মিকা সিংয়ের মতো তারকারা প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ১ এপ্রিলের শুনানিতে এখন গোটা দেশের নজর থাকবে, কারণ রাজপাল এবার রক্ষণাত্মক না হয়ে সরাসরি আইনি লড়াইয়ের ময়দানে নামছেন।

Follow Us