AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: গ্যালাক্সি ছেড়ে নতুন বাড়ির খোঁজে সলমন! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ভাইজানের?

Salman Khan Leaving Galaxy Apartments: এর মাঝেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতার আকস্মিক অসুস্থতার খবর, যা নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন তাঁর কোটি কোটি অনুরাগী। তবে এই সমস্ত জল্পনা ও উদ্বেগের আবহেই ভাইজানকে ঘিরে টিনসেল টাউনে ভেসে এল এক মস্ত বড় খবর। গত প্রায় পাঁচ দশক ধরে যে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ সলমন খানের পরিচয় হয়ে উঠেছে, এবার নাকি সেই চেনা ঠিকানা বদলাতে চলেছেন অভিনেতা!

Salman Khan: গ্যালাক্সি ছেড়ে নতুন বাড়ির খোঁজে সলমন! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ভাইজানের?
| Updated on: Jun 27, 2026 | 4:09 PM
Share

কৃষ্ণসার হরিণ সংক্রান্ত আইনি জটিলতা এবং দিল্লির আদালতে শুনানি নিয়ে বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। এর মাঝেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতার আকস্মিক অসুস্থতার খবর, যা নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন তাঁর কোটি কোটি অনুরাগী। তবে এই সমস্ত জল্পনা ও উদ্বেগের আবহেই ভাইজানকে ঘিরে টিনসেল টাউনে ভেসে এল এক মস্ত বড় খবর। গত প্রায় পাঁচ দশক ধরে যে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ সলমন খানের পরিচয় হয়ে উঠেছে, এবার নাকি সেই চেনা ঠিকানা বদলাতে চলেছেন অভিনেতা!

মায়ানগরীর অন্দরে কান পাতলে জোর গুঞ্জন, বান্দ্রার গ্যালাক্সি ছেড়ে খুব শীঘ্রই নিজের তৈরি করা এক নতুন রাজপ্রাসাদে পা রাখতে চলেছেন সলমন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের বান্দ্রা এলাকাতেই সমুদ্রের মুখোমুখি একটি ছ’তলা আলিশান বাড়ি তৈরির আইনি অনুমোদন পেয়ে গেছেন বলিউড সুলতান। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা।

জানা গেছে, গত ১৬ জুন ‘মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি’ বা এমসিজেএমএ এই বহুতলটি নির্মাণের চূড়ান্ত অনুমতি দিয়েছে। বান্দ্রার চিম্বাই এলাকায় গড়ে উঠবে সলমনের এই স্বপ্নের আস্তানা, যা বর্তমান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে খুব একটা দূরে নয়।

যে জমিতে এই বিলাসবহুল ভবনটি তৈরি হতে চলেছে, সেটি সলমন খানের মা সালমা খানের নামে রেজিস্ট্রি করা রয়েছে। ওই জমিতে ১৯৫৬ সালের আগে তৈরি একটি পুরনো দোতলা বাড়ি ছিল, কিন্তু সেটি জরাজীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়ায় ভেঙে ফেলা হয়। অনুমোদিত নকশা অনুযায়ী এই নতুন প্রজেক্টে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, অত্যাধুনিক স্টিল্ট পার্কিং এবং তার ওপর ছ’টি তলা। প্রায় এক হাজার চোদ্দ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হওয়া এই বাড়ির নির্মাণের দায়িত্বে রয়েছে ‘সচ ডেভেলপার্স’।

উপকূলীয় অঞ্চল হওয়ায় কড়া পরিবেশগত শর্ত মেনেই মিলেছে এই ছাড়পত্র। স্পষ্ট জানানো হয়েছে যে নির্মাণকাজের জন্য কোনো গাছ কাটা যাবে না, উল্টে ওই চত্বরে স্থানীয় প্রজাতির আরও নতুন গাছ লাগাতে হবে।

উনিশশো চুয়াত্তর সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই সলমনের স্থায়ী ঠিকানা। ঈদ হোক বা জন্মদিন—প্রতি বছর এই বাড়ির বারান্দা থেকেই ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। তবে গ্যালাক্সির তুলনায় এই নতুন বাড়িটি মূল রাস্তা থেকে কিছুটা ভেতরে, বেশ শান্ত পরিবেশে তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই এখানে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির পাশাপাশি সুরক্ষাবলয় অনেক বেশি মজবুত করা সম্ভব হবে।

বিশেষ করে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে লাগাতার হুমকি এবং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চলার ঘটনার পর সলমনের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, নিরাপত্তার কড়াকড়ি এবং বাড়তি সুরক্ষার কথা মাথায় রেখেই গ্যালাক্সির মায়া কাটিয়ে এবার এই হাই-সিকিউরিটি জোনে শিফট করার পরিকল্পনা করছেন অভিনেতা। যদিও এই বাসস্থান বদল নিয়ে সলমন বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Follow Us