AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: স্ক্রিপ্ট না পড়েই ছবি সই করেন সলমন! কেরিয়ারের কোন গোপন তথ্য ফাঁস করলেন ভাইজান?

সম্প্রতি রিতেশ দেশমুখের মারাঠি ছবি ‘রাজা শিবাজী’-তে একটি কেমিও চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ভাইজান। আর তার পরপরই শুক্রবার মুক্তি পাওয়া একটি সাক্ষাৎকারের প্রোমোতে এই অদ্ভুত ও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন অভিনেতা নিজেই।

Salman Khan: স্ক্রিপ্ট না পড়েই ছবি সই করেন সলমন! কেরিয়ারের কোন গোপন তথ্য ফাঁস করলেন ভাইজান?
| Updated on: May 16, 2026 | 1:10 PM
Share

বলিউডের তিন দশকেরও বেশি কেরিয়ারে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। অথচ খোদ সলমন খানই নাকি তাঁর গোটা অভিনয় জীবনে কোনওদিন একটিও সিনেমার স্ক্রিপ্ট বা চিত্রনাট্য পড়ে দেখেননি! সম্প্রতি রিতেশ দেশমুখের মারাঠি ছবি ‘রাজা শিবাজী’-তে একটি কেমিও চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ভাইজান। আর তার পরপরই শুক্রবার মুক্তি পাওয়া একটি সাক্ষাৎকারের প্রোমোতে এই অদ্ভুত ও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন অভিনেতা নিজেই।

‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সলমন অকপটে জানান, তিনি জীবনে কোনওদিন চিত্রনাট্য পড়েননি। উল্টো মেজাজে ভাইজানের সংযোজন, “আমি নিজে স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু কখনও কারও লেখা স্ক্রিপ্ট পড়ে দেখিনি।” অবশ্য অতীতেও তিনি একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে চিত্রনাট্য পড়ার চেয়ে ছবির মূল ভাবনা, তার ট্রিটমেন্ট এবং বাণিজ্যিক আবেদনের ওপর ভরসা করতেই তিনি বেশি পছন্দ করেন।

এই প্রোমোতে সলমনকে তাঁর হাতে থাকা একাধিক মহার্ঘ্য ঘড়ি নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে। বিভিন্ন সময়ে সলমনের হাতে কোটি টাকারও বেশি মূল্যের বিলাসবহুল আন্তর্জাতিক ব্যান্ডের ঘড়ি দেখা যায়, যা নিয়ে চর্চাও কম হয় না। এই প্রসঙ্গে জবাব দিয়ে ভাইজান বলেন, তাঁকে ঘড়ি পরে থাকতে দেখা মানেই যে সেগুলো তাঁর নিজের— এমনটা ভাবার কোনও কারণ নেই। রসিকতার সুরে তিনি জানান, এর মধ্যে হয়তো একটা কোনও বন্ধুর, তো অন্যটা অন্য কারও কাছ থেকে নেওয়া!

সাক্ষাৎকারে সলমনের আগামী ছবি ‘মাতৃভূমি’ (Maatrubhumi) নিয়েও বেশ কিছু তথ্য সামনে এসেছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই প্রজেক্টটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। ভারত ও চিনা সৈন্যদের মধ্যে ঘটে যাওয়া গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের বাস্তব ঘটনা অবলম্বনেই এই ছবি তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে এই ছবির মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়। ছবি থেকে চিন এবং গালওয়ান উপত্যকার সমস্ত রেফারেন্স বা উল্লেখ বাদ দেওয়া হয়েছে এবং ছবির নাম বদলে রাখা হয়েছে ‘মাতৃভূমি’। এমনকি বর্তমানে ছবিটির একটি বড় অংশের নতুন করে শুটিং বা ‘রিশুট’ চলছে বলেও জানা গিয়েছে।

‘সলমন খান ফিল্মস’-এর ব্যানারে সলমা খান প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমনকে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেলের ভূমিকায় দেখা যাবে। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। তবে ছবিটির মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। এ ছাড়া, ২০২৭ সালের ইদও বুক করে ফেলেছেন ভাইজান। তেলুগু পরিচালক বংশী পৈডিপল্লীর পরিচালনায় এবং নয়নতারার বিপরীতে তাঁর আগামী ছবির (আপাতত যার নাম দেওয়া হয়েছে SVC63) কাজও শীঘ্রই শুরু হতে চলেছে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘রাজা শিবাজী’ ছবিতে ‘জিবা মাহালা’র চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন সলমন। রিতেশ দেশমুখের নামভূমিকায় অভিনয় করা এই ছবিতে রিতেশ ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন ও বিদ্যা বালানের মতো তারকারা।

Follow Us