
বলিউডে কোন নায়ক, কোন নায়িকার প্রেমে পড়ে যান, তা সব সময়েই চর্চার বিষয়। সলমন খানের প্রেমের জীবন সর্বদা চর্চায় থেকেছে। তাঁর একাধির প্রেম জনসমক্ষে এসেছে। যদিও কারও সঙ্গে বিয়ে হয়নি নায়কের। সম্প্রতি সলমন খানের একটা সাক্ষাত্কার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন, নায়িকা জুহি চাওলার প্রেমে পড়ে গিয়েছিলেন নায়ক।
সলমনকে বলতে শোনা যায়, ”জুহি চাওলাকে পুতুলের মতো লাগে। আমি ওঁকে বিয়ে করতে চেয়েছিলাম। ওঁর বাবাকে বলি সেই কথা। যদিও তিনি সেই প্রস্তাবে রাজি হননি।” বহু বছর আগে সলমন যখন এই কথাগুলো বলেছিলেন, তখন তাঁর মুখের সারল্য নজরকাড়া। সলমনকে সেই ভিডিয়োতে দেখে, এই মুহূর্তে তাঁর অনুরাগীরা আপ্লুত।
পরবর্তীকালে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সলমন খানের। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর প্রেমের কথা সকলেরই জানা। সেই প্রেম পর্বের রেশ ধরে বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন সলমন খান, এমন শোনা যায়। তবে তাঁদের প্রেম পরিণতি পায়নি। ঐশ্বর্য বিয়ে করেন অভিষেক বচ্চনকে। সলমন-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বলিউডে।
এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়ায় নায়কের। তাঁদের মধ্যে প্রেম আছে কি নেই, এবারে অবশ্য কিছুই ঘোষণা করেননি দু’ জনে। তবে ক্যাটরিনা সলমনের পরিবারের সকলেরই বেশ ঘনিষ্ঠ ছিলেন। এরপর নায়ক ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ। এখন তিনি মা হয়েছেন। ছবির দুনিয়া থেকেও দূরে। অন্যদিকে জুহি চাওলাও এখন ছবির দুনিয়া থেকে দূরে রয়েছেন।