মুম্বইয়ের পুজোয় সঞ্চিতার অনুষ্ঠান, আর কী-কী থাকবে?
মুুম্বইয়ে বহু বছর ধরেই দুর্গাপুজো নজর কাড়ছে। এর মধ্যে বলিউডের তারকাদের বাড়ির পুজো বিশেষভাবে চর্চিত। যেমন মুখোপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। নভি মুম্বইয়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে মিলনতীর্থ-ও এখন পরিচিত নাম। সেখানে কালীমাতা মন্দির ভক্তদের অনুপ্রেরণার অন্যতম উৎস।

মুুম্বইয়ে বহু বছর ধরেই দুর্গাপুজো নজর কাড়ছে। এর মধ্যে বলিউডের তারকাদের বাড়ির পুজো বিশেষভাবে চর্চিত। যেমন মুখোপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। নভি মুম্বইয়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে মিলনতীর্থ-ও এখন পরিচিত নাম। সেখানে কালীমাতা মন্দির ভক্তদের অনুপ্রেরণার অন্যতম উৎস। সারা বছর ধরেই কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি, চিকিৎসার জন্য শহরে আসা রোগীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও রয়েছে। এই বছর ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে সেখানেই। বেশ কিছু বছর ধরেই এই পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানও সকলের প্রিয় হয়ে উঠেছে।
নিউ পানভেলের সেক্টর ১৮-র সন্ত সাঁইবাবা স্কুলের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবার। উৎসব চলাকালীন পুরো মাঠটি অস্থায়ী কাঠামো দিয়ে ঢেকে দেওয়া হবে। নভি মুম্বইয়ের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, প্রতিদিন ৬,০০০-এর বেশি মানুষের সমাগম হবে বলে, মনে করছেন উদ্য়োক্তারা। মা দুর্গার মূর্তিটি ১৪ ফুটেরও বেশি উচ্চতাবিশিষ্ট।
এই পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে রয়েছে চমক। গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে, এই বছর কলকাতা ও মুম্বইয়ের বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। কলকাতার সুপ্রতীক দাসের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও আধুনিক গান থাকছে। কলকাতার দীপাবলি দত্তের পরিবেশনায় আধুনিক বাংলা গান ও হিন্দি গান শুনতে পাবেন দর্শকরা। গায়িকা সঞ্চিতা ভট্টাচার্যের পরিবেশনায় বাংলা ও হিন্দি গান থাকবে। তিনি ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এর প্রাক্তন বিজয়ী। মুম্বইয়ের অর্কেস্ট্রার পরিবেশনায় বাংলা আর হিন্দি গান, সাধু দাস বাউলের পরিবেশনায় লোকসংগীত, এমনই বিভিন্ন অনুষ্ঠান থাকছে।
