Sayantika Banerjee: ভোটে হারতেই মঞ্চ বদলালেন সায়ন্তিকা!
Sayantika Banerjee Baranagar Assembly Election: বিজেপির সজল ঘোষের কাছে নির্বাচনে পরাজিত হতে হয় টলিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রীকে। তারপরেই অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভোটে পরাজিত হওয়ার পর সায়ন্তিকার পরবর্তী পদক্ষেপ কী হবে? তবে সায়ন্তিকা কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকে সায়ন্তিকাকে মূলত সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় দেখা যাচ্ছিল।

রাজনীতির মঞ্চ ছেড়ে কি তবে পুরনো সেই চেনা মঞ্চে, অর্থাৎ ক্যামেরার সামনেই ফের স্থায়ীভাবে ফিরছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়? টলিপাড়ার অন্দরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ভোটপ্রচারে নানারকম চমক, জনসংযোগ এবং বিপুল উৎসাহ দেখা গেলেও, শেষরক্ষা হয়নি। বিজেপির সজল ঘোষের কাছে নির্বাচনে পরাজিত হতে হয় টলিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রীকে। তারপরেই অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভোটে পরাজিত হওয়ার পর সায়ন্তিকার পরবর্তী পদক্ষেপ কী হবে? তবে সায়ন্তিকা কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকে সায়ন্তিকাকে মূলত সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় দেখা যাচ্ছিল। জিম থেকে শরীরচর্চার সেলফি কিংবা রাজনীতির বাইরের ব্যক্তিগত লাইফস্টাইল— এই নিয়েই নেটপাড়ায় পোস্ট করতেন তিনি। তবে এবার স্টুডিও পাড়ার খবর, আর ঘরে বসে থাকা নয়, ফের চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় কামব্যাক করছেন সায়ন্তিকা।
টেলিপাড়ার বিশেষ সূত্রে খবর, কোনও সিনেমার হাত ধরে নয়, বরং একটি বড়সড় নন-ফিকশন রিয়্যালিটি শোয়ের মাধ্যমে কামব্যাক করছেন তিনি। তবে চমক রয়েছে আরও। খবর রটেছে, ছোটপর্দার এই আসন্ন নন ফিকশন শোয়ের সঞ্চালনা করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। যদিও এই প্রজেক্ট নিয়ে এখনই কোনও আনুষ্ঠানিক মন্তব্য করতে নারাজ সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।

জল্পনা আরও উস্কে দিয়েছেন খোদ অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি হাসিমুখের সেলফি পোস্ট করেছেন সায়ন্তিকা, যেখানে তাঁর সঙ্গে টলিউডের বেশ কয়েকজন চেনা কলাকুশলীকে দেখা গিয়েছে। ছবির ক্যাপশন এবং আবহ দেখেই স্পষ্ট, শুটিং শুরুর আগে মেকআপ নিচ্ছেন তিনি অর্থাৎ গ্রিনরুমে রয়েছেন। ফলে তিনি যে মেকআপ রুমে ফিরেছেন, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই অনুরাগীদের।
সায়ন্তিকার এই কামব্যাকে স্বভাবতই খুশি টলি-মহল। কারণ, গত এক দশকে টলিউডের বাণিজ্যিক বা কমার্শিয়াল ছবির জগতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অন্যতম এক সফল নাম। ২০১২ সালে রবি কিনাগীর পরিচালনায় এবং জিৎ-এর বিপরীতে ‘আওয়ারা’ ছবিতে তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। এরপর একে একে ‘হিরোগিরি’, বিন্দাস, ‘নবাব’ (শাকিব খানের বিপরীতে), ‘উমা’ এবং ওমি পালের সঙ্গে ‘অভিমান’-এর মতো একের পর এক ব্লকবাস্টার ও চর্চিত ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। শুধু নাচ বা গ্ল্যামার নয়, রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ ছবিতে জিৎ-এর বিপরীতে কিংবা ‘কেলোর কীর্তি’-র মতো মাল্টিস্টারার কমেডি ছবিতেও সায়ন্তিকার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল। সিনেমার এই চেনা গ্ল্যামারাস ইমেজ ছেড়ে ২০২১ সাল নাগাদ তিনি রাজনীতির আঙিনায় পা রাখেন এবং ঘাসফুল শিবিরে যোগ দেন। তবে এখনও পর্যন্ত এই নিয়ে সায়ন্তিকার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পেলেই এই প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
