Shah Rukh Khan on Nana Patekar: ‘হিরোর মতো চুল বানিও না, তুমি অভিনেতা’, শাহরুখকে ধমক নানা পাটেকরের, কী ঘটেছিল সেদিন?
Shah Rukh Khan tribute to Nana Patekar: অতীতের অমূল্য স্মৃতি রোমন্থন করে ইনস্টাগ্রামে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কেরিয়ারের শুরুর দিনগুলোর এক মজার ও শিক্ষণীয় ঘটনার কথা উল্লেখ করে শাহরুখ লিখেছেন, নানা পাটেকর এমন একজন মানুষ ছিলেন, যিনি তোষামোদ করতে জানতেন না; তিনি মুখের ওপর সত্যি কথা বলতেন।

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গোটা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ এই অভিনেতাকে হারিয়ে স্তব্ধ অনুরাগীরাও। এবার নানা পাটেকরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং অতীতের অমূল্য স্মৃতি রোমন্থন করে ইনস্টাগ্রামে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কেরিয়ারের শুরুর দিনগুলোর এক মজার ও শিক্ষণীয় ঘটনার কথা উল্লেখ করে শাহরুখ লিখেছেন, নানা পাটেকর এমন একজন মানুষ ছিলেন, যিনি তোষামোদ করতে জানতেন না; তিনি মুখের ওপর সত্যি কথা বলতেন।
নানা পাটেকরের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করে শাহরুখ লিখেছেন, “যখন আমি প্রথম তাঁর সঙ্গে দেখা করি, তখন অস্বস্তির চোটে আমি নিজের চুলে হাত বুলোচ্ছিলাম এবং তা নিয়ে নাড়াচাড়া করছিলাম। ওমনি তিনি আমার হাতটা সরিয়ে দিয়ে বলেছিলেন— ‘হিরোর মতো চুল বানিও না… তুমি অভিনেতা!’”
শাহরুখ আরও লেখেন, নানা পাটেকর কখনও কাউকে তোষামোদ করতেন না বা যা শুনতে ভালো লাগে তা বলতেন না। তিনি ঠিক সেটাই বলতেন, যা শোনা একজন শিল্পীর জন্য প্রয়োজন ছিল। “ওটাই ছিলেন নানা। একদম সোজাসাপ্টা, রুক্ষ, সৎ এবং তাঁর মুখে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি।”
ভালোবাসা প্রকাশ করার নানার ধরনটাও ছিল বেশ অদ্ভুত, এমনটাই জানিয়ে শাহরুখ লিখেছেন, “ও আগে আপনাকে ধমক দেবেন, আর তারপর তৃতীয় বা চতুর্থ গালমন্দের মাঝখানেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে জড়িয়ে ধরে রয়েছেন তাঁকে। তিনি আমাকে ভালোবাসতেন এবং আমিও তাঁকে ভালোবাসতাম।” নানা পাটেকর কেবল একজন সহ-অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একাধারে মেন্টর, শিক্ষক, সমালোচক এবং বন্ধু। শাহরুখ মজার ছলে উল্লেখ করেন যে, ক্যারম খেলায় তিনি এবং আশপাশের বাকি সবাই নানার কাছে হেরে যেত, আর নানা সেই জয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করতেন।
View this post on Instagram
নয়ের দশকের গোড়ার দিকে ‘রাজু বন গয়া জেন্টালম্যান’ (Raju Ban Gaya Gentleman)-এর মতো ছবিগুলোতে নানা পাটেকরের সঙ্গে শাহরুখের কাজের সুবাদে তাঁদের এই সখ্য গড়ে উঠেছিল। সেদিনের সেই স্মৃতিকে মনে করে শাহরুখ লিখেছেন, “নানা, তোমার সেই তীব্রতা, হাসি, পাগলামি এবং ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে। আমার শুধু আফসোস হয়, আমাদের আরও কিছু কথা বলার সময় পাওয়ার কথা ছিল, আরও একটা তর্ক, আরও এক কাপ চা এবং এক রাউন্ড ক্যারম খেলার সুযোগ পেতাম।”
পোস্টের শেষ পর্যায়ে নানা পাটেকরের সেই অমূল্য উপদেশকে আজীবন হৃদয়ে বয়ে বেড়ানোর কথা উল্লেখ করে কিং খান লেখেন, “সিনেমার দুনিয়ায় তো বটেই, সমস্ত ভারতবাসীর হৃদয়ে তুমি এক বিরাট শূন্যতা রেখে গেলে। আমি কেবল এটুকুই বলতে পারি, তোমায় ভীষণ মিস করব এবং তোমার বলা সেই কথা— ‘হিরো বনে কে চক্কর মে অভিনেতা মত খোনা’ —জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে ধরে রাখব।”
