Sundar Pichai: ‘জীবন গঠনে ভূমিকা নিয়েছিল’, IIT খড়্গপুরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের
Google Funding for IIT Kharagpur: পিচাই লিখেছেন, “ভারতীয় ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার কাজ করছে আইআইটি খড়্গপুর। এই কাজের গতি বাড়াতে নতুন অংশীদারিত্বের মাধ্যমে সাহায্য করতে পেরে গুগল আনন্দিত। এই সহযোগিতা আগামী প্রজন্মের পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে কীভাবে ভূমিকা নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছি। ঠিক যেভাবে আইআইটি খড়্গপুর আমার নিজের জীবন গঠনে ভূমিকা নিয়েছিল।”

কলকাতা: তিনি আইআইটি খড়্গপুরের প্রাক্তনী। আর সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় ঘোষণা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। যেখানে পড়াশোনা করেছেন, সেই আইআইটি খড়্গপুরকে গুগলের তরফে ৫০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা) অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতের পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দক্ষতা বিকাশে সহায়তা করতেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
একটি ব্লগ পোস্টে সুন্দর পিচাই জানিয়েছেন, ভারতীয় ভাষা, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণার কাজ করছে আইআইটি খড়্গপুর। গুগলের এই সহযোগিতা প্রতিষ্ঠানটির গবেষণার প্রভাব আরও বিস্তৃত করতে এবং পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।
পিচাই লিখেছেন, “ভারতীয় ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার কাজ করছে আইআইটি খড়্গপুর। এই কাজের গতি বাড়াতে নতুন অংশীদারিত্বের মাধ্যমে সাহায্য করতে পেরে গুগল আনন্দিত। এই সহযোগিতা আগামী প্রজন্মের পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে কীভাবে ভূমিকা নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছি। ঠিক যেভাবে আইআইটি খড়্গপুর আমার নিজের জীবন গঠনে ভূমিকা নিয়েছিল।”
প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি। পিচাইয়ের কথায়, “উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ক্রমশ সামনের সারিতে উঠে আসছে। এই ধরনের কর্মসূচি নিশ্চিত করবে, যাতে এআই-এর সুফল ভারতের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়িত হয়।”
কোন কোন ক্ষেত্রে খরচ হবে অনুদানের অর্থ?
গুগলের ব্লগ পোস্ট অনুযায়ী, এই অনুদানের অর্থ মূলত তিনটি ক্ষেত্রে খরচ করা হবে—উন্নত এআই গবেষণা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং এআই-সংক্রান্ত দক্ষতা ও পরিকাঠামো তৈরি। উন্নত এআই গবেষণার ক্ষেত্রে ভারতীয় ভাষা, পদার্থবিজ্ঞান ও উপাদান বিজ্ঞান (Materials Science), কৃষি এবং শিক্ষা প্রযুক্তি-সহ বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে গবেষণায় সহায়তা করা হবে।
শিক্ষাক্ষেত্রে পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এআই প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং নতুন পাঠ্যক্রম তৈরি করার উপর জোর দেওয়া হবে। অন্যদিকে, এআই পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসজুড়ে প্রযুক্তিগত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিভিন্ন এআই ফ্রেমওয়ার্ক ও টুল তৈরিতে সহায়তা করা হবে।
ব্লগ পোস্টে বলা হয়েছে, “সবার জন্য কার্যকর এআই তৈরি করতে হলে গভীর সহযোগিতা এবং শিক্ষাক্ষেত্রে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এই তহবিলের মাধ্যমে আইআইটি খড়্গপুরকে প্রয়োগভিত্তিক এআই গবেষণা এবং এমন প্রযুক্তিগত সমাধান তৈরিতে সহায়তা করতে পেরে আমরা সম্মানিত, যা ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের উপকারে আসবে।”
আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী-
দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের মধ্যেই গুগলের এই অনুদান ঘোষিত হল। শনিবার এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
