Shankar Chakraborty: ‘জীবন শেষ…’, আচমকা পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?
Shankar Chakraborty Facebook Post: কিছুদিন আগেই স্ত্রীকে হারিয়ে তীব্র একাকীত্বে ভুগছিলেন তিনি, পাশাপাশি হাতে কাজ না থাকা নিয়েও প্রকাশ করেছিলেন ক্ষোভ। এই সমস্ত স্মৃতির আবহে তাঁর এমন আকস্মিক পোস্ট দেখে চিন্তায় পড়ে যান টলিপাড়ার সহকর্মীরা। গভীর রাতেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ একাধিক অভিনেতা-পরিচালক তাঁর খোঁজ নিতে ফোন ও মেসেজ করতে শুরু করেন।

আচমকা এক মধ্যরাতের পোস্ট, আর তাতেই উদ্বেগের ছায়া বিনোদন জগতে। টলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তীর একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া বার্তা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাঁর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে।
ঘটনার সূত্রপাত গতকাল গভীর রাতে। অভিনেতা নিজের ফেসবুক প্রোফাইলে আচমকাই লেখেন— “নাও আই এম ক্রসিং থ্রু লাইফ ইজ গণ!” (Now I am crossing through life is gone)। একপ্রকার ভয় ধরানো ও আশঙ্কাজনক এই বার্তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। কিছুদিন আগেই স্ত্রীকে হারিয়ে তীব্র একাকীত্বে ভুগছিলেন তিনি, পাশাপাশি হাতে কাজ না থাকা নিয়েও প্রকাশ করেছিলেন ক্ষোভ। এই সমস্ত স্মৃতির আবহে তাঁর এমন আকস্মিক পোস্ট দেখে চিন্তায় পড়ে যান টলিপাড়ার সহকর্মীরা। গভীর রাতেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ একাধিক অভিনেতা-পরিচালক তাঁর খোঁজ নিতে ফোন ও মেসেজ করতে শুরু করেন।
শঙ্কর চক্রবর্তীর প্রথম পোস্ট–
তবে জল্পনা ও উদ্বেগের পারদ চরম সীমায় পৌঁছাতেই আসরে নামেন খোদ অভিনেতা। বিভ্রান্তি দূর করতে দ্রুত আরও একটি পোস্ট করেন তিনি। যেখানে শঙ্কর চক্রবর্তী লেখেন— “FB-তে আমার একটা পোস্ট দেখে সবাই ভাবল আমি বোধ হয় গণ! কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রাতে আমাকে ফোন করেন উদ্বিগ্ন হয়ে। আমি তাদের আশ্বস্ত করছি, আমি কোথাও যাইনি। আমি আছি বাহাল তবিয়তে। আসলে রাস্তায় যেতে যেতে একটা লেখা দেখে হঠাৎ করে ওটা আমার মনে হয়েছিল। আমি আছি, আমি থাকব—যতদিন ঈশ্বর চাইবেন।”
শঙ্কর চক্রবর্তীর দ্বিতীয় পোস্ট-
অভিনেতার এই স্পষ্টীকরণের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টলিপাড়া ও তাঁর অগণিত অনুরাগী। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন জেনে স্বস্তি ফিরেছে ভক্তমহলে।
