
তালসিরিতে শুটিং করতে গিয়ে বিপদের মুখে পড়লেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর শ্বেতা মিশ্র। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের নায়ক-নায়িকা তাঁরা। সমুদ্রে তলিয়ে গেলে রাহুলের মৃত্য়ু হয়। এদিকে রাহুলের মতো জলে পড়ে গিয়েছিলেন শ্বেতা, তেমনই দাবি তাঁর। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়। বেঁচে যাওয়ার পর অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলেন শ্বেতা।
দুর্ঘটনার দিন শ্বেতা ফিরতে পারেননি শহরে। রাহুল থাকতেন বিজয়গড়ে। শ্বেতা থাকেন গল্ফ গ্রিনে। এক সূত্রের খবর, ৩০ তারিখ সকালে বাড়ি ফেরেন শ্বেতা। দুর্ঘটনার দিন তাঁর মায়ের সঙ্গে একবারই কথা বলতে পেরেছিলেন অভিনেত্রী। সোমবার গল্ফ গ্রিনের বাড়িতে ফিরে আসেন শ্বেতা। চিকিত্সককে আসতে অনুরোধ করা হয়। চিকিত্সক এসে শ্বেতাকে কিছু পরামর্শ দেন, ট্রমা কাটিয়ে ওঠার জন্য।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ”শ্বেতা যথেষ্ট সমস্যার মধ্যে আছে। বন্ধু গিয়ে তাঁকে নিয়ে এসেছেন। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে ওঁর কিছুটা সময় লাগতে পারে।” এদিন শ্বেতাকে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর ফোন বেজে গিয়েছে। লক্ষণীয় রাহুল আর শ্বেতা খুব বেশি দিন এই ধারাবাহিকের শুটিং করছেন এমন নয়। এর আগে ধারাবাহিকে মধুমিতা সরকার আর নীল ভট্টাচার্যকে দেখা যেত। সেই পর্বের গল্প শেষ হওয়ার পর যোগ দেন রাহুল আর শ্বেতা। ধারাবাহিকে তাঁদের বিয়ের গল্প দেখানো হচ্ছিল। হানিমুন পর্বের শুটিং ছিল তালসারিতে।
রাহুল চলে যাওয়ার পর আর এই ধারাবাহিকের শুটিং হবে কিনা, তা নিয়ে এখন ধোঁয়াশা। চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।