
মায়ের মৃত্যুদিনে সমাজ মাধ্যমে গায়িকা ইমন চক্রবর্তীকে আক্রমণ করা হয়েছে, তাই সেখান থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করেন ইমন। গায়িকা জানান এরপর তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুধু কাজের আপডেট আসবে। তবে এই ঘোষণার পরও ইমনের উপর সমাজ মাধ্যমে আক্রমণ চলল দিনভর।
একজন ব্যক্তি লিখেছেন, ”আক্রমণের মুখে পড়ে গায়িকা সমাজ মাধ্যম ছেড়ে দিলেন। তবে চটি চাটা ছাড়লেন না!” আর একজনের বক্তব্য, ”আগে ইন্দ্রনীল সেনের গান ভালো লাগত। এখন আর শুনি না। আগে মিমি (চক্রবর্তী), নুসরতের (জাহান) সিনেমা নিয়ে ভাবতাম। কিন্তু এখন এদের সম্পর্কে দর্শকের নেগেটিভ মনোভাব তৈরি হয়ে গিয়েছে। আমিও ইমনের গানের অনুরাগী ছিলাম। তবে উন্নয়নের পাঁচালী গাওয়ার পর থেকে ওঁর গান শোনার ইচ্ছা চলে গিয়েছে।”
তবে এর বিরুদ্ধে মন্তব্যও এসেছে সমাজ মাধ্যমে। একজন লিখেছেন, ”রাজ চক্রবর্তীর পরিচালনায় তৃণমূল সরকারের পক্ষে যে ছবি হয়েছে, তাতে অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় সকলেই আছেন। তা হলে তাঁদের কাজ কি আপনারা দেখবেন না?” ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার পাওয়ার পর থেকে ইমনকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে সোশ্য়াল মিডিয়াতে।
এর আগে সোশ্যাল মিডিয়াতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল, শহরে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। শুভশ্রীর দুই সন্তানকে আক্রমণ করা হয় সোশ্যাল মিডিয়াতে। আবার ইমনের বক্তব্য, ”আমার মৃত মাকে পর্যন্ত ওঁরা টেনে নামিয়েছে…”। সোশ্যাল মিডিয়া থেকে আগামী দিনে কি দূরে সরে যাবেন তারকারা, এখন সেটাই দেখার অপেক্ষা।