Bigg Boss Bangla: দাদার মুখে মুখে তর্ক নিরঞ্জনের, মেজাজ হারিয়ে সৌরভ যা করলেন…

Bigg Boss Bangla Sourav Ganguly: বিগ বস বাংলার উইকেন্ড এপিসোডে তুলকালাম! সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সঙ্গে তীব্র তর্কে জড়ালেন নিরঞ্জন। রেগে গিয়ে নিরঞ্জনকে শো থেকে বেরিয়ে যেতে বললেন দাদা। অন্যদিকে নিরঞ্জনের আচরণ নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজয়ী অনীক ধরও। কী ঘটেছে?

Bigg Boss Bangla: দাদার মুখে মুখে তর্ক নিরঞ্জনের, মেজাজ হারিয়ে সৌরভ যা করলেন...
কী ঘটেছে?

Sep 27, 2026 | 2:16 PM

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সাধারণত শান্ত স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত। কিন্তু ‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) উইকেন্ড এপিসোডে সেই চেনা দাদাকেই দেখা গেল একেবারে রুদ্রমূর্তিতে! প্রতিযোগীদের সঙ্গে রীতিমতো কড়া ভাষায় কথা বললেন তিনি। বিশেষ করে নিরঞ্জন মণ্ডলের সঙ্গে তাঁর তীব্র তর্ক-বিতর্ক শনিবারের পর্বকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে।

ঠিক কী ঘটেছে?

সৃজলা গুহর সঙ্গে ঘটা দুর্ঘটনা নিয়ে শনিবার ‘দাদার দরবার’-এ বিস্তারিত আলোচনা হয়। টাস্কের সময় সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেন নন্দিনী। এর জেরে হাসপাতালে ৫ দিন ভর্তি থাকতে হয় সৃজলাকে। এই প্রসঙ্গের সূত্র ধরেই নিরঞ্জনকে কড়া কথা শোনান সৌরভ। সঞ্চালক স্পষ্ট জানান, নিরঞ্জন ও নন্দিনী মিলে সৃজলাকে ক্যাপ্টেন পদ থেকে সরানোর চক্রান্ত করেছিলেন। এমনকি সৃজলার চিঠি ও গোলাপ ছিঁড়ে ফেলার মতো কাজও তাঁরা করেন।

এই অভিযোগ শুনেই সঞ্চালকের সঙ্গে তর্ক জুড়ে দেন নিরঞ্জন। তিনি প্রথমেই প্রশ্ন করেন, সৌরভ বা সৃজলা যে কথাগুলো বলছেন, তাঁরা কি আদৌ পুরো ঘটনার ভিডিয়ো দেখে কথা বলছেন? এর জবাবে সৌরভ জানান, তাঁরা দু’জনেই পুরো ভিডিয়ো দেখেই কথা বলছেন। সৌরভ বেশ কড়াভাবেই বলেন, “এখানে না দেখে কেউ কথা বলে না নিরঞ্জন, তর্ক কোরো না।”

এরপর নন্দিনী স্বীকার করে নেন যে, তিনি সত্যিই নিরঞ্জনের সঙ্গে পরিকল্পনা করেই সৃজলার কার্ডটি বের করেছিলেন। এই কথা শুনেই নিরঞ্জন পালটা তর্ক করে বলেন, “একটি ন্যাশনাল মিডিয়াতে আমায় এরকম দোষারোপ করে কথা বলা যাবে না।” নিরঞ্জনের মুখে মুখে তর্ক করার এই ভঙ্গি দেখে একপ্রকার ধমক দিয়ে সৌরভ বলেন, “তুমি মিথ্যে বলছ। নিরঞ্জন তুমি যাই বলো, তোমার কথা কেউ শুনবে না। এখানে তোমার বাজে কথা শুনতে কেউ আসেনি, তুমি এখান থেকে উঠে চলে যেতে পারো।”

দাদার এই ধমক খেয়ে নিরঞ্জন সাময়িকভাবে চুপ করে যান। তবে পরে তিনি গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। নিরঞ্জন জানান, প্রাথমিকভাবে নন্দিনীর সঙ্গে মিলে সৃজলার কার্ডটি বের করার প্ল্যান তিনি করলেও, পরে তাঁর মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। সেই কারণে যা যা জিনিসে ক্ষতি হতে পারে, তিনি সেইসব জিনিস ঘর থেকে লুকিয়ে ফেলেন এবং সৃজলার কার্ডটিও দুর্নিবারকে ফেরত দিয়ে দেন।

বিগ বস কি স্ক্রিপ্টেড?

সোহিনী এর আগে দাবি করেছিলেন যে, উইকেন্ডে সৌরভ এসে স্ক্রিপ্ট পড়ে কথা বলেন। শনিবার এই কথারও কড়া জবাব দেন সৌরভ। তিনি সৃজলার গুরুতর চোটের উদাহরণ টেনে বলেন, শো যদি আগে থেকে ঠিক করা থাকত, তাহলে এমন অমানবিক দুর্ঘটনা বিগ বস কখনও হতে দিত না। পাশাপাশি এদিন মনামীকে টাস্কের সময় টেনে সরানোর জন্য জীতু কমলকেও ভর্ৎসনা করেন সৌরভ। জীতু অবশ্য নিজের ভুলের জন্য সবার সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেন। সোনামণির আনা ‘ব্যাড টাচ’ অভিযোগ নিয়েও এদিন কথা বলেন সঞ্চালক। নিরঞ্জনকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন যে, জীতু ইচ্ছে করে তাঁর গায়ে হাত দেননি।

নিরঞ্জনকে কটাক্ষ অনীকের

সৌরভের সঙ্গে নিরঞ্জনের এই তর্ক করাটা একেবারেই ভালোভাবে নেননি বিগ বস বাংলার প্রথম সিজনের বিজয়ী অনীক ধর। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি নাম না করে নিরঞ্জনকে কটাক্ষ করেন। অনীক বলেন, “ভদ্রভাবে থাকতে খুব অসুবিধা? সামনে কে দাঁড়িয়ে রয়েছে না দেখেই মুখে মুখে তর্ক করতে হবে! দাদার রুদ্রমূর্তি দেখতে চেয়েছিলে, এবার দেখবে।” সব মিলিয়ে বিগ বসের ঘরে এখন টানটান উত্তেজনা, আর দর্শকদের চোখ আটকে আছে আগামী পর্বের দিকেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us