Bigg Boss Bangla: ‘সারা জীবনের অভিশাপ…’, সৃজলার শরীরে ১০০টা সূঁচ ফোটার কথা শুনে কী বললেন নন্দিনী?

Srijla Guha comeback: বিগ বস বাংলার ঘরে সৃজলা গুহর কামব্যাক হয়েছে। শনিবার দাদার দরবারে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে হাসপাতালের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। অনুশোচনায় কেঁদে ফেলেছেন নন্দিনী দত্তও। ঠিক কী কী ঘটেছে?

Bigg Boss Bangla: সারা জীবনের অভিশাপ..., সৃজলার শরীরে ১০০টা সূঁচ ফোটার কথা শুনে কী বললেন নন্দিনী?
কী ঘটেছিল?

Sep 27, 2026 | 11:32 AM

টেলিভিশনের পর্দায় এখন টানটান উত্তেজনা। বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ফিরেছেন সৃজলা গুহ (Srijla Guha)। আর তাঁর ফেরার সঙ্গেই যেন বদলে গিয়েছে গোটা বাড়ির সমীকরণ। শনিবার ‘দাদার দরবার’-এ মুখোমুখি হয়েছেন সৃজলা ও নন্দিনী দত্ত (Nandini Dutta)। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে নিজের যন্ত্রণার কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেছেন সৃজলা। আর সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি নন্দিনীও।

সৃজলার চোট নিয়ে দর্শক মহলে কম জলঘোলা হয়নি। খেলার মাঝে নন্দিনীর ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শনিবার সৌরভ যখন তাঁকে সেদিনের ঘটনা নিয়ে বলতে বলেছেন, তখন গলা ধরে এসেছে সৃজলার। তিনি জানিয়েছেন, “পাঁচদিন হাসপাতালে থাকার পর…সারা শরীরে ১০০টা সূঁচ ফুটিয়েছে।”

হাসপাতালের দিনগুলোর কথা মনে করে তিনি আরও বলেছেন, “ঘোড়াটাকে সামনের দিকে আছাড় মারা হয়েছিল। আমায় রোজ ড্রেসিং করতে হয়। আমি পাঁচদিন একা একটা অচেনা শহরে, যেখানে আমি কারওর সঙ্গে কথা বলতে পারিনি। একা বসে কাতরেছি। এরকমটা যেন আমার শত্রুর সঙ্গেও‌ না হয়।”

 

সৃজলার এই অবস্থার জন্য সোশাল মিডিয়ায় অনেকেই নন্দিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এমনকি তাঁকে বয়কটের ডাকও উঠেছে নেটমাধ্যমে। এর আগে নন্দিনীর টিমের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে, কাজটি তিনি ইচ্ছাকৃতভাবে করেননি। তবুও তাঁর গেম প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

তবে শনিবার সৃজলার মুখে সবটা শুনে হাউহাউ করে কেঁদে ফেলেছেন নন্দিনী। রাজবীরের কাছে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, “আমার জন্য কারোর এমন ক্ষতি হবে ভাবিনি। ওর এত ব্যথা লেগেছে? এটা তো শুধু বিগ বসের ঘরে নয়, সারা জীবনের জন্য আমার অভিশাপ হয়ে থেকে গেল।”

নন্দিনী নিজের ভুল বুঝলেও তাঁকে ‘ফাইনাল ওয়ার্নিং’ দিতে ভোলেননি সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেষ বিচার করবেন দর্শকই। অন্যদিকে, সৃজলার কষ্টে সামিল হয়েছেন বাকি প্রতিযোগীরাও। সোনামণি থেকে শুরু করে ভরত কল, সকলেরই চোখে জল চলে এসেছে। সৃজলাকে দেখে কেঁদে ভাসিয়েছেন দুর্নিবার। তিনি আক্ষেপ করে জানিয়েছেন যে, তিনিই সৃজলাকে আগলে রাখতে পারেননি।

এবার দেখার, এই টানাপোড়েন ভুলে সৃজলা কি সত্যিই ক্ষমা করতে পারবেন নন্দিনীকে? দর্শকের মনই বা কতটা গলবে? গেমের মোড় এবার কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রয়েছে সকলের।

Loading...
Unable to load recommendations.
Follow Us