Bigg Boss Bangla: ডাক্তারের বারণ উড়িয়েই রিংয়ে সৃজলা! বিগ বসের নতুন ক্যাপ্টেন হয়েও কেন অঝোরে কাঁদলেন নিরঞ্জন?

বিগ বস বাংলার ঘরে রেষারেষি এখন তুঙ্গে। ক্যাপ্টেনসি টাস্ক ঘিরে ধুন্ধুমার কাণ্ড! একদিকে ডাক্তারের কড়া নিষেধ থাকা সত্ত্বেও নির্দেশ অমান্য করে নিজের ঝুঁকিতেই খেলায় নামেন সৃজলা। অন্যদিকে, টাস্ক চলাকালীন সঞ্চালক দুর্নিবারের সঙ্গে চরম সংঘাত বাধে নিরঞ্জনের। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, শেষমেশ টাস্ক জিতে বিগ বসের নতুন ক্যাপ্টেন হয়েও কান্নায় ভেঙে পড়েন নিরঞ্জন! কিন্তু কেন? কী এমন ঘটেছিল রিংয়ের ভেতরে?

Bigg Boss Bangla: ডাক্তারের বারণ উড়িয়েই রিংয়ে সৃজলা! বিগ বসের নতুন ক্যাপ্টেন হয়েও কেন অঝোরে কাঁদলেন নিরঞ্জন?
কী ঘটেছে বিগ বসের ঘরে?

Oct 09, 2026 | 8:49 AM

বিগ বস বাংলার ঘরে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার ক্যাপ্টেনসি টাস্কের জন্য গার্ডেন এরিয়ায় পাতা হয়েছিল একটি বিশেষ রেসলিং রিং। চারপাশ ঢাকা ছিল ক্র্যাশ ম্যাটে। নিয়ম ছিল, পাঁচজন প্রতিযোগীকে গ্লাভস পরে একে অপরকে ধাক্কা মেরে রিংয়ের বাইরে ফেলতে হবে। তিনবার ক্র্যাশম্যাটের ওপর পড়লেই সোজা এলিমিনেশন। লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী, নিরঞ্জন, তনুশ্রী, সৃজলা, সোনামণি এবং রাজবীর। এরেনার বাইরে ঝুলছিল প্রতিযোগীদের ছবি দেওয়া বোর্ড, যেখানে সঞ্চালক দুর্নিবারের নজর ছিল প্রতিটি রাউন্ডের ওপর।

তবে খেলা শুরুর আগেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। বিগ বস সৃজলাকে ডেকে জানিয়ে দেন, তাঁর শারীরিক অবস্থার কারণে ডাক্তার তাঁকে এই গেম না খেলার নির্দেশ দিয়েছেন। কিন্তু হার মানতে একেবারেই নারাজ সৃজলা। তিনি সাফ জানিয়ে দেন, নিজের দায়িত্বেই এই টাস্কে লড়বেন।

সৃজলা নিজের জেদে মাঠে নামলেও, প্রথমভাগেই চোট পেয়ে পিছু হটেন তনুশ্রী। এরপর বাকিদের যৌথ আক্রমণে বিদায় নিতে হয় রাজবীরকে। ডাক্তারের বারণ না শুনে যে সৃজলা লড়াইয়ে নেমেছিলেন, তিনিও টিকতে পারলেন না, পরের ধাপেই বাদ পড়েন। এরপর আসল লড়াই শুরু হয় দুই হেভিওয়েট, নিরঞ্জন এবং সোনামণির মধ্যে।

খেলার মাঝেই আসে আসল টুইস্ট। সঞ্চালক দুর্নিবারের একটি বিতর্কিত সিদ্ধান্তে প্রচণ্ড রেগে যান নিরঞ্জন। মেজাজ হারিয়ে দুর্নিবারকে গালিগালাজ করে বসেন তিনি। সঞ্চালক দুর্নিবারও ছেড়ে দেওয়ার পাত্র নন! ক্ষমতার চরম ব্যবহার করে তিনি তাৎক্ষণিকভাবে নিরঞ্জনকে ‘ডিসকোয়ালিফায়েড’ ঘোষণা করেন এবং সোনামণিকে একতরফা ক্যাপ্টেন করে দেন।

দুর্নিবারের এই সিদ্ধান্তে বিগ বস বাংলার অন্দরে রীতিমতো আগুন জ্বলে ওঠে। প্রায় সকলেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। সোনামণি নিজেও এমন ‘দান করা’ ক্যাপ্টেনসি নিতে অস্বীকার করেন এবং নিরঞ্জনকে খেলায় ফেরানোর আর্জি জানান। শেষমেশ দুর্নিবার সাফ জানিয়ে দেন, নিরঞ্জন ক্ষমা চাইলেই খেলা আবার শুরু হবে। কোনও উপায় না দেখে অবশেষে নতিস্বীকার করে ক্ষমা চেয়ে নেন নিরঞ্জন।

পুনরায় শুরু হওয়া সেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সোনামণিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত ‘বিগ বস বাংলা’র নতুন ক্যাপ্টেন হন নিরঞ্জন। তবে ক্যাপ্টেন হওয়ার পরেও তাঁর মনে শান্তি ছিল না। দুর্নিবারের আচরণ ও ভরা ময়দানে অপমান একেবারেই মেনে নিতে পারেননি নিরঞ্জন। তাই ক্যাপ্টেন্সি টাস্ক জিতেও শেষে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us